পাবনার রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটে পরীক্ষামূলকভাবে বিদ্যুৎ উৎপাদন শুরু হয়েছে। শুক্রবার (৩০ অক্টোবর) বিকেলে বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে বৃহস্পতিবার (২৯ অক্টোবর) কেন্দ্রটির প্রথম ইউনিটে পাওয়ার স্টার্টআপ বা বিদ্যুৎ উৎপাদন প্রক্রিয়া শুরুর অনুমোদন দেয় বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (বায়েরা)।
এই পর্যায়ে প্রথমবারের মতো চুল্লিতে স্বয়ংসম্পূর্ণ চেইন রিঅ্যাকশন বা স্বনির্ভর পারমাণবিক বিভাজন প্রক্রিয়া চালু করা হবে। এর মাধ্যমে নিয়ন্ত্রিত ও নিরাপদ উপায়ে ধাপে ধাপে চুল্লিতে তাপশক্তি উৎপাদন বাড়ানো হবে।
আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) নির্দেশিকা অনুসরণ করে রাশিয়ার সহযোগিতায় নির্মিত প্রকল্পটির প্রথম ইউনিটের স্টেজ ‘বি-১’ পর্যায়ের পরীক্ষা-নিরীক্ষা প্রায় সফলভাবে সম্পন্ন হয়েছে। সর্বশেষ স্বয়ংক্রিয় চাপ প্রশমন ভালভের পরীক্ষা নিয়ে তৈরি জটিলতাও কাটিয়ে ওঠা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
পরবর্তী ধাপ হলো ‘বি-২’। এ পর্যায়ে প্রাথমিক পরিচালনার জন্য পারমাণবিক চুল্লিকে প্রস্তুত করা হবে। এরপর শুরু হবে ক্রিটিক্যালিটি বা স্বয়ংসম্পূর্ণ চেইন রিঅ্যাকশন প্রক্রিয়া।
এ প্রক্রিয়ায় চুল্লির ভেতরে নিয়ন্ত্রিতভাবে পারমাণবিক বিভাজন অব্যাহত রাখা হয়। ধাপে ধাপে উৎপাদনক্ষমতা বাড়িয়ে ৩০০ মেগাওয়াটে পৌঁছানোর পর বাণিজ্যিকভাবে জাতীয় সঞ্চালন গ্রিডে বিদ্যুৎ সরবরাহ শুরু করার পরিকল্পনা রয়েছে।




























