| |
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক শ্রমবাজারে দক্ষ কর্মী গড়তে রাষ্ট্রপতির আহ্বান
  • আন্তর্জাতিক শ্রমবাজারে দক্ষ কর্মী গড়তে রাষ্ট্রপতির আহ্বান

    Icon
    নিজস্ব প্রতিবেদক
    প্রকাশ: ২৯ অক্টোবর ২০২৬, ০৩:৫১ অপরাহ্ন

    বিশ্বের পরিবর্তনশীল ও প্রতিযোগিতামূলক শ্রমবাজারে বাংলাদেশের অবস্থান সুদৃঢ় করতে দক্ষ জনশক্তি গড়ে তোলা এবং আন্তর্জাতিক ভাষা শিক্ষাকে অগ্রাধিকার দেওয়ার ওপর গুরুত্বারোপ করেছেন রাষ্ট্রপতি। তিনি বলেন, প্রথাগত শিক্ষার গণ্ডি পেরিয়ে আমাদের যুবসমাজকে আধুনিক প্রযুক্তি, কারিগরি শিক্ষা ও বিদেশি ভাষায় পারদর্শী করে তুলতে হবে।

    আজ সকালে আহছানউল্লা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ড. গোলাম রহমান এবং গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. জি. কে. এম. মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে পৃথক দুটি প্রতিনিধিদল রাষ্ট্রপতির সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি এ আহ্বান জানান।

    আজ (২৯ অক্টোবর) বুধবার, বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ ও আলোচনা সভায় রাষ্ট্রপতি এসব কথা বলেন।

    রাষ্ট্রপতি উল্লেখ করেন, বিশ্বের বিভিন্ন দেশে বাংলাদেশি শ্রমিকের প্রচুর চাহিদা থাকা সত্ত্বেও সঠিক ভাষাগত দক্ষতা ও আধুনিক প্রশিক্ষণের অভাবে অনেকেই কাঙ্ক্ষিত পদের সুযোগ থেকে বঞ্চিত হচ্ছেন।

    এই ঘাটতি পূরণে বিশ্ববিদ্যালয় ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে শ্রমবাজারমুখী কোর্স চালুর আহ্বান জানান তিনি। তিনি বলেন, “প্রবাসী শ্রমিকদের প্রেরিত রেমিট্যান্স আমাদের অর্থনীতির মূল চালিকাশক্তিগুলোর একটি।

    আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী দক্ষতা বৃদ্ধির পাশাপাশি ইংরেজি, জাপানি, আরবি ও অন্যান্য গুরুত্বপূর্ণ ভাষা শেখানো সম্ভব হলে প্রবাসীরা আরও উন্নত পেশায় যুক্ত হতে পারবেন এবং দেশের বৈদেশিক মুদ্রা আয় বহুগুণ বৃদ্ধি পাবে।

    “রাষ্ট্রপতি যুবসমাজকে আধুনিক বিশ্বব্যবস্থার সঙ্গে তাল মিলিয়ে নিজ নিজ ক্ষেত্রে মেধা ও দক্ষতার স্বাক্ষর রাখার পরামর্শ দেন।

    সরকারের পাশাপাশি বেসরকারি খাতের উদ্যোক্তা ও শিক্ষা প্রতিষ্ঠানগুলোকেও সমন্বিতভাবে কাজ করার তাগিদ দেন তিনি।

    আরও পড়ুন