মুন্সীগঞ্জের শ্রীনগরে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস খাদে পড়ে তিনজন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ১৬ জন।
শনিবার (২৪ অক্টোবর) ভোর সাড়ে ৩টার দিকে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের ঢাকামুখী লেনে উপজেলার হাসাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস ও পুলিশ সূত্রে জানা যায়, চুয়াডাঙ্গা থেকে ঢাকাগামী দর্শনা পরিবহনের একটি বাস পথিমধ্যে একটি কাভার্ড ভ্যানকে ওভারটেক করার সময় নিয়ন্ত্রণ হারায়। এ সময় বাসটি সড়কের রেলিং ভেঙে সার্ভিস লেন অতিক্রম করে পাশের পানিভর্তি খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়।
খবর পেয়ে শ্রীনগর ফায়ার স্টেশনের দুটি উদ্ধারকারী ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে। ফায়ার কর্মীরা আহতদের উদ্ধার করে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠান এবং কয়েকজনকে ঘটনাস্থলে প্রাথমিক চিকিৎসা দেন।
নিহতদের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে; তিনি হলেন চুয়াডাঙ্গার রুকুনুজ্জামান রঞ্জু (৫৫)। তবে তাৎক্ষণিকভাবে বাকি দুই নিহত ব্যক্তির পরিচয় জানা যায়নি। পুলিশ ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করছে।
























