| |
  • প্রচ্ছদ
  • বিদ্যুৎ ও জ্বালানি
  • জাতীয় গ্রিডে রূপপুরের পরমাণু বিদ্যুৎ সরবরাহের অনুমোদন
  • জাতীয় গ্রিডে রূপপুরের পরমাণু বিদ্যুৎ সরবরাহের অনুমোদন

    Icon
    নিজস্ব প্রতিবেদক
    প্রকাশ: ২৯ অক্টোবর ২০২৬, ১১:৫৯ অপরাহ্ন

    দেশের ইতিহাসে অন্যতম বড় অবকাঠামো প্রকল্প রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিট থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহের প্রক্রিয়া শুরু করার চূড়ান্ত অনুমোদন মিলেছে। বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (বায়েরা) বৃহস্পতিবার (২৯ অক্টোবর) প্রকল্পটির প্রথম ইউনিটে ‘পাওয়ার স্টার্ট’ বা ‘সি-স্টেজ’ চালুর এই অনুমতি প্রদান করে।

    রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের প্রকল্প সংশ্লিষ্টরা জানায়, জাতীয় গ্রিডে প্রথমবারের মতো সীমিত পরিসরে পারমাণবিক বিদ্যুৎ সরবরাহের পর্যায়ে প্রবেশ করছে রূপপুরের প্রথম ইউনিট৷ এ বিষয়ে বায়রার অনুমোদন পেয়েছে প্রকল্পটি।

    বায়েরা সূত্রে জানা গেছে, প্রাথমিক সব প্রকার ফিজিক্স টেস্ট ও নিরাপত্তার কারিগরি পরীক্ষা সফলভাবে সম্পন্ন করার পর এই অনুমোদন দেওয়া হয়েছে। পাওয়ার স্টার্ট পর্যায়ে পারমাণবিক চুল্লিতে স্বয়ংসংপূর্ণ চেইন রিঅ্যাকশনের মাধ্যমে শক্তি বা তাপ উৎপাদন শুরু হবে, যা দিয়ে টারবাইন ঘুরিয়ে বিদ্যুৎ তৈরি করা হবে।

    প্রকল্প পরিচালনাকারী প্রতিষ্ঠান নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট কোম্পানি বাংলাদেশ লিমিটেডের (এনপিসিবিএল) কর্মকর্তারা জানিয়েছেন, প্রাথমিক অবস্থায় শূন্য শক্তি থেকে ক্ষমতা ধাপে ধাপে বাড়ানো হবে।

    উৎপাদন ক্ষমতা ৩০ শতাংশে পৌঁছালেই পরীক্ষামূলকভাবে অন্তত ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় সঞ্চালন লাইনে যুক্ত করা সম্ভব হবে। আগামী ডিসেম্বরের মধ্যেই এটি জাতীয় গ্রিডে পরীক্ষামূলক বিদ্যুৎ সরবরাহ শুরু করতে পারবে বলে আশা করা হচ্ছে।

    উল্লেখ্য, ১,২০০ মেগাওয়াট উৎপাদন ক্ষমতাসম্পন্ন এই প্রথম ইউনিটটি সফলভাবে জাতীয় গ্রিডে বিদ্যুৎ যুক্ত করার মাধ্যমে বাংলাদেশ বিশ্বের ৩৩তম পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনকারী দেশ হিসেবে আত্মপ্রকাশ করবে।

    আরও পড়ুন