শারদীয় দুর্গাপূজা উপলক্ষে দোকানপাট ও শপিং মল রাত ১০টা পর্যন্ত খোলা রাখার বিশেষ অনুমতির মেয়াদ শেষ হয়েছে। ফলে পূর্বের সিদ্ধান্ত অনুযায়ী ফের আগের সময়সূচিতে ফিরেছে দেশের বিপণিবিতান ও মার্কেটগুলো।
এখন থেকে নিয়মিত প্রতিদিন সকাল ১১টা থেকে রাত ৮টার মধ্যে সব শপিংমল ও দোকানপাট বন্ধ করতে হবে।
এর আগে দুর্গাপূজা উপলক্ষে ২২ অক্টোবর পর্যন্ত বিভিন্ন শপিংমল ও মার্কেট সকাল ১১টা থেকে রাত ১০টা পর্যন্ত খোলা রাখার বিশেষ সুযোগ দেওয়া হয়েছিল।
সেই সময়সীমা শেষ হওয়ায় বিদ্যুৎ বিভাগের আগের নির্দেশনা অনুযায়ী ২৩ অক্টোবর থেকে পুনরায় রাত ৮টায় দোকানপাট বন্ধের নিয়ম কার্যকর হয়েছে।
বিদ্যুৎ সাশ্রয় ও সুশৃঙ্খল জ্বালানি ব্যবস্থাপনার অংশ হিসেবে এর আগেও বেশ কয়েকবার দোকানপাট ও শপিংমল খোলা রাখার সময়সীমায় পরিবর্তন এনেছিল সরকার। নতুন এই নিয়মের ফলে এখন থেকে ক্রেতাদের রাত ৮টার মধ্যেই কেনাকাটা সম্পন্ন করতে হবে।
তবে প্রচলিত নিয়ম অনুযায়ী, নির্ধারিত সময়ের মধ্যে কোনো ক্রেতা দোকানে অবস্থান করলে তাকে অতিরিক্ত সময় কেনাকাটার সুযোগ দেওয়ার বিধান বহাল রয়েছে।























