স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষায় দেশের ইউনিভার্সিটিগুলোর গুরুত্ব অপরিসীম। বিশ্ববিদ্যালয়গুলো এমন জ্ঞান সঞ্চালন করে যেটা দেশের জনগোষ্ঠীর মাঝে ঐক্য সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সাউথইস্ট ইউনিভার্সিটির দুই দিনব্যাপী ‘জব ফেয়ার ২০২৬’-এর সমাপনী অধিবেশনে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন পরিকল্পনা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জোনায়েদ আব্দুর রহিম সাকি।
তিনি বিগত সরকারের লুটপাটের কথা তুলে ধরে বলেন, প্রায় ২৮ লাখ কোটি টাকা অবৈধভাবে আত্মসাৎ করে পাচার করা হয়েছে, যার কারণে দেশের বিনিয়োগ, কর্মসংস্থান এবং জিডিপি গ্রোথ ব্যপকভাবে ধ্বংস হয়েছে।
তিনি আরও বলেন, দেশের উন্নয়ন শুধুমাত্র সরকারের একার কাজ নয়, সমাজের আর সব প্রতিষ্ঠানকেই একসঙ্গে কাজ করে যেতে হবে, তবেই আমরা পরিবর্তনের পথে যেতে পারবো। তিনি তার বক্তব্যে জুলাইযোদ্ধাদের, বিশেষ করে সাউথইস্ট ইউনিভার্সিটির চারজন জুলাইযোদ্ধার কথা স্মরণ করে দেশের উন্নয়নে একসঙ্গে কাজ করে যাবার আশাবাদ ব্যক্ত করেন।
৬ ও ৭ মে দুই দিনব্যাপী আয়োজিত এ জব ফেয়ারের সমাপণী পর্ব বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. এম. মোফাজ্জল হোসেনের সূচনা বক্তব্যের মধ্য দিয়ে শুরু হয়। অনুষ্ঠানে গেস্ট অব অনার ছিলেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের সদস্য অধ্যাপক ড. আনোয়ার হোসেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্বব্যাংকের সিনিয়র এডুকেশন স্পেশালিস্ট টিএম আসাদুজ্জামান। সভাপতিত্ব করেন সাউথইস্ট ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. ইউসুফ মাহবুবুল ইসলাম। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মেজর জেনারেল (অব.) আনোয়ারুল ইসলাম, বিভিন্ন স্কুলের ডিন, বিভাগীয় প্রধান, প্রশাসনিক কর্মকর্তা, শিক্ষকমণ্ডলী, অ্যালামনাই ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
এ জব ফেয়ারে ব্যাংক, আর্থিক সেবা প্রতিষ্ঠান, অটোমোবাইল কোম্পানি, ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান, টেলিকম, তথ্যপ্রযুক্তি সেবাদানকারী প্রতিষ্ঠান, হাসপাতাল, হোটেল, ইলেকট্রনিক্স, রিয়েল এস্টেট প্রতিষ্ঠানসহ বিভিন্ন খাতের ৫৫টি বহুজাতিক ও দেশি-বিদেশি প্রতিষ্ঠান অংশ নেয়। প্রতিষ্ঠানগুলো সাউথইস্ট ইউনিভার্সিটির গ্রাজুয়েটদের সিভি সংগ্রহ, ইন্টারভিউ নেওয়া এবং যোগ্য প্রার্থীর চাকরির ব্যবস্থা করে। দুই দিনব্যাপী আয়োজনে দুটি সেমিনারসহ বিশেষায়িত সেশন আয়োজন করা হয়।
দুই দিনব্যাপী এ আয়োজন চাকরিপ্রত্যাশী শিক্ষার্থীদের সঙ্গে করপোরেট প্রতিষ্ঠানের সংযোগ স্থাপনের একটি কার্যকর প্ল্যাটফর্ম হিসেবে ভূমিকা রাখবে বলে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আশাবাদ ব্যক্ত করেন।

































