সাধারণত দুর্গাপূজার প্রতিটি তিথি একদিন করে পালিত হলেও এবার মহাসপ্তমী পড়েছে দুই দিনে। বাংলা পঞ্জিকার তিথি চক্রের বিশেষ বিন্যাসে শনিবারের পর আজ রোববার (১৮ অক্টোবর) সূর্যোদয়ের পরও সপ্তমী তিথি থাকায় দেশজুড়ে আজও মহাসপ্তমীর আচার চলছে।
পূজামণ্ডপগুলোতেও সকাল থেকে ভক্ত ও দর্শনার্থীদের ভিড় দেখা গেছে।
ঢাকেশ্বরী জাতীয় মন্দিরের প্রধান পুরোহিত ধর্মদাস চট্টোপাধ্যায় এ বিষয়ে বলেছেন, তিথি দীর্ঘ হওয়ায় এবার সপ্তমী দুই দিনে পড়েছে। রোববার সূর্যোদয়ের পরও সপ্তমী তিথি থাকায় এদিনও সপ্তমীর পূজা হবে। মহাসপ্তমীর মূল আনুষ্ঠানিকতা অবশ্য শনিবার সকালেই শুরু হয়।
বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদের তথ্য অনুযায়ী, এবার সারা দেশে ৩৩ হাজার ৮৫১টি মণ্ডপে দুর্গাপূজা হচ্ছে। এর মধ্যে ঢাকা মহানগরে মণ্ডপ রয়েছে ২৫৮টি।
শুক্রবার মহাষষ্ঠীর মধ্য দিয়ে শুরু হওয়া দুর্গোৎসবে সোমবার পালিত হবে মহাষ্টমী, মঙ্গলবার মহানবমী। অষ্টমী ও নবমীর সন্ধিক্ষণে অনুষ্ঠিত হবে সন্ধিপূজা। বুধবার বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে এবারের দুর্গোৎসব।

























