বাংলাদেশে অত্যন্ত উৎসবমুখর ও সৌহার্দ্যপূর্ণ বর্ণিল পরিবেশে শারদীয় দুর্গাপূজা উদ্যাপিত হচ্ছে বলে মন্তব্য করেছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী।
সোমবার (১৯ অক্টোবর) সকালে রাজধানীর বনানী পূজামণ্ডপ পরিদর্শনে এসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই কথা বলেন।
প্রথমবারের মতো বাংলাদেশে শারদীয় দুর্গোৎসবের আয়োজনে অংশ নিয়ে নিজের দেশের সঙ্গে চমৎকার সাংস্কৃতিক সম্প্রীতির মিল খুঁজে পেয়েছেন বলে জানান তিনি।
সমাজ ও রাষ্ট্রে শান্তি ও সম্প্রীতি সুদৃঢ় করতে হলে সব মানুষের পারস্পরিক সহাবস্থান অত্যন্ত জরুরি বলে উল্লেখ করেন দীনেশ ত্রিবেদী।
মণ্ডপ পরিদর্শনের অনুভূতি প্রকাশ করে তিনি বলেন, “পূজায় হাইকমিশনার হিসেবে আসিনি, এসেছি পরিবারের সদস্য হিসেবে পূজার আনন্দ ভাগাভাগি করতে।”
এ সময় তিনি দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং মঙ্গল কামনা করে অঞ্জলি দেন।
উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশেই বাংলাদেশে এবারের পূজার সমস্ত আনুষ্ঠানিকতা সুন্দরভাবে শেষ হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

























