| |
  • প্রচ্ছদ
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • জকসু নির্বাচনে উৎসাহ বেশি নারী ভোটারদের
  • জকসু নির্বাচনে উৎসাহ বেশি নারী ভোটারদের

    Icon
    জবি প্রতিবেদক
    প্রকাশ: ৬ জানুয়ারি ২০২৬, ০১:১১ অপরাহ্ন

    জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) ও হল সংসদ নির্বাচনের ভোট গ্রহণ চলছে। মঙ্গলবার (০৬ জানুয়ারি) সকাল থেকেই বিভিন্ন ভোটকেন্দ্রে ভোটারদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি লক্ষ্য করা গেছে।

    এ সময় নারী ভোটারদের মধ্যে দেখা গেছে বাড়তি উৎসাহ ও উচ্ছ্বাস। তিন দফা নির্বাচন পেছানোর কারণে শিক্ষার্থীদের মধ্যে কিছুটা হতাশা কাজ করলেও ভোটের দিন ঘিরে সেই হতাশা কেটে গিয়ে আনন্দে রূপ নিয়েছে।

    বিশ্ববিদ্যালয়ের একমাত্র ছাত্রী হল নওয়াব ফয়জুন্নেসা চৌধুরানী হলের কেন্দ্রে ভোট দিয়ে ফাতেমা আক্তার নামে এক শিক্ষার্থী বলেন, জকসুই আমার জীবনের প্রথম ভোট। ভোট দিতে পারায় আমি অত্যন্ত আনন্দিত। ভোটগ্রহণ সুষ্ঠুভাবে সম্পন্ন হচ্ছে। আশা করছি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে যোগ্য প্রার্থীই নির্বাচিত হবে।

    সঞ্চিতা নামে আরেক শিক্ষার্থী বলেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে প্রথম নির্বাচন এটি। ভাবছিলাম যে জকসু হয়তো আর হবে না। অবশেষে বহুল প্রতীক্ষিত জকসু আজ হচ্ছে, আর এ ইতিহাসের সাক্ষী হতে পারায় আমি খুশি।

    ভোটার উপস্থিতি নিয়ে তিনি বলেন, জকসুতে শিক্ষার্থীদের উপস্থিতি মোটামুটি ভালোই। আশা করছি আমরা একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন উপহার দিতে পারবো।
    জানা যায়, এ নির্বাচনে ৩৯টি কেন্দ্রে ১৭৮ বুথে মোট ১৬ হাজার ৫০০ শিক্ষার্থী ভোটাধিকার প্রয়োগ করবেন। এছাড়া একটি হল সংসদে এক হাজার ২৪২ জন শিক্ষার্থী ভোটাধিকার প্রয়োগ করবেন। বিকেল সাড়ে ৩টার মধ্যে কেন্দ্রে লাইনে দাঁড়ানো শিক্ষার্থীরা ভোট দেওয়ার সুযোগ পাবেন।

    ওয়েবসাইটে প্রকাশিত তালিকায় দেখা যায়, মুক্তিযুদ্ধ ও গণতন্ত্র পদে চারজন, শিক্ষা ও গবেষণা পদে নয়জন, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক পদে পাঁচজন, স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক পদে পাঁচজন, আইন ও মানবাধিকার সম্পাদক পদে চারজন, আন্তর্জাতিক সম্পাদক পদে আটজন, সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক পদে সাতজন, ক্রীড়া সম্পাদক পদে সাতজন, পরিবহন সম্পাদক পদে চারজন, সমাজসেবা ও শিক্ষার্থী কল্যাণ সম্পাদক পদে ১০ জন, পাঠাগার ও সেমিনার সম্পাদক পদে সাতজন এবং সদস্য পদে সাতজনের বিপরীতে ৫৭ জন প্রার্থীর প্রাথমিক তালিকা প্রকাশ করা হয়েছে।

    ‎ছাত্রী হলে ১৩ পদের মধ্যে সহ-সভাপতি (ভিপি) পদে তিনজন, সাধারণ সম্পাদক (জিএস) পদে তিনজন, সহ-সাধারণ সম্পাদক (এজিএস) পদে দুইজন, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক পদে দুইজন, সংস্কৃতি সম্পাদক পদে চারজন, পাঠাগার সম্পাদক পদে দুইজন, ক্রীড়া সম্পাদক পদে দুইজন, সমাজ সেবা ও শিক্ষার্থী কল্যাণ সম্পাদক পদে তিনজন, স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক চারজন এবং চারটি সদস্য পদের বিপরীতে আটজন প্রার্থীর প্রাথমিক তালিকা প্রকাশ করেছে হল সংসদ।

    জকসু নির্বাচন ঘিরে আইনশৃঙ্খলা বাহিনীর সতর্কতা চোখে পড়ার মতো। ভোটকেন্দ্রসহ ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ পয়েন্ট দায়িত্ব পালন করছেন তারা। বহিরাগত প্রবেশ ঠেকাতে রাত থেকেই প্রবেশ গেটে বিশেষ পাহারা বসানো হয়েছে। আজ আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি দায়িত্ব পালন করছেন বিএনসিসি, রোভার স্কাউটস ও রেডক্রিসেন্ট সোসাইটির সদস্যরা। তবে বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা-কর্মচারী, শিক্ষার্থী ও গণমাধ্যমকর্মীসহ সংশ্লিষ্টরা স্পেশাল কার্ড দেখিয়ে প্রবেশ করতে পারছেন।

    প্রসঙ্গত, গত ৩০ ডিসেম্বর জকসু নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে জরুরি সিন্ডিকেট সভার মাধ্যমে জকসু নির্বাচন স্থগিত ঘোষণা করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। পরবর্তীতে পুনরায় ৬ জানুয়ারি জকসু নির্বাচনের নতুন তারিখ নির্ধারণ করে কর্তৃপক্ষ।

    আরও পড়ুন