| |
  • প্রচ্ছদ
  • লীড-২
  • এসএসসি অকৃতকার্যদের একাদশে ভর্তির সুযোগসহ ৫ দফা দাবি
  • এসএসসি অকৃতকার্যদের একাদশে ভর্তির সুযোগসহ ৫ দফা দাবি

    Icon
    নিজস্ব প্রতিবেদক
    প্রকাশ: ২২ অক্টোবর ২০২৬, ০২:৫২ অপরাহ্ন

    এসএসসি ও সমমান ২০২৬ পরীক্ষায় অকৃতকার্য (ফেল করা) শিক্ষার্থীদের শিক্ষাজীবনের ধারাবাহিকতা রক্ষার্থে চলতি বছরই বিশেষ সাপ্লিমেন্টারি পরীক্ষার আয়োজন এবং একই শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির সুযোগ দেওয়ার দাবি জানানো হয়েছে। ‘এসএসসি ২০২৬ শিক্ষার্থী অধিকার আন্দোলন বাংলাদেশ’-এর ব্যানারে আয়োজিত সংবাদ সম্মেলন থেকে এই ৫ দফা দাবি উত্থাপন করেন শিক্ষার্থীরা।

    বৃহস্পতিবার (২২ অক্টোবর) ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এসএসসি ২০২৬ শিক্ষার্থী অধিকার আন্দোলন বাংলাদেশ-এর পক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব দাবি করা হয়।

    পাবলিক পরীক্ষায় অনুত্তীর্ণ শিক্ষার্থীদের সময়ক্ষেপণ এড়াতে চলতি বছরের এইচএসসি পরীক্ষায় অনুত্তীর্ণদেরকে নিয়ে অন্তর্বর্তী পরীক্ষা চালু করতে যাচ্ছে সরকার। এইচএসসি পরীক্ষার ফলাফল প্রকাশের তিন মাসের মধ্যে অন্তর্বর্তী পরীক্ষা নেওয়া হবে।

    শিক্ষার্থীরা জানান, এসএসসি পরীক্ষা একজন শিক্ষার্থীর জীবনের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ধাপ। সামান্য কারণে বা কোনো বিষয়ে অকৃতকার্য হওয়ার ফলে অসংখ্য শিক্ষার্থী বর্তমানে তীব্র মানসিক চাপ, হতাশা ও অনিশ্চয়তার মধ্য দিয়ে দিন কাটাচ্ছে, যা তাদের ভবিষ্যৎকে অন্ধকারের দিকে ঠেলে দিচ্ছে। একটি পরীক্ষার ফলাফল যেন কোনো শিক্ষার্থীর শিক্ষাজীবনের সমাপ্তি না টানে, সে বিষয়ে সংশ্লিষ্ট মহ সকলের সদয় দৃষ্টি আকর্ষণ করেন তারা।

    শিক্ষার্থীদের ৫ দফা দাবিগুলো হলো:

    ১. বিশেষ সাপ্লিমেন্টারি পরীক্ষা: এসএসসি পরীক্ষায় অকৃতকার্য শিক্ষার্থীদের জন্য চলতি বছরই বিশেষ সাপ্লিমেন্টারি পরীক্ষা আয়োজনের দ্রুত উদ্যোগ নেওয়া।

    ২. সুস্পষ্ট নির্দেশনা প্রকাশ: উক্ত পরীক্ষার সিলেবাস, মানবণ্টন, প্রশ্নপদ্ধতি, মূল্যায়ন ব্যবস্থা ও অংশগ্রহণের যোগ্যতাসংক্রান্ত সুস্পষ্ট নির্দেশনা দ্রুত প্রকাশ করা।

    ৩. সময়সূচি ও ফলাফল: পর্যাপ্ত প্রস্তুতির জন্য উপযুক্ত সময় দিয়ে পরীক্ষার সময়সূচি ঘোষণা এবং স্বল্পতম সময়ের মধ্যে ফল প্রকাশ করা।

    ৪. একাদশে ভর্তির সুযোগ: বিশেষ সাপ্লিমেন্টারি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের একই শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তি নিশ্চিত করার প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা।

    ৫. বিকল্প মূল্যায়ন বা ধারাবাহিকতা রক্ষা: শিক্ষার্থীদের একটি বছর অপচয় হওয়া রোধ করতে দ্রুত সমন্বিত ও গঠনমূলক পদক্ষেপ নেওয়া।

    সংবাদ সম্মেলনে শিক্ষার্থীরা আরও স্পষ্ট করে জানান, তাঁদের এই দাবি কোনো ধরনের বিশৃঙ্খলা বা সংঘাত সৃষ্টির জন্য নয়; বরং এটি একটি শান্তিপূর্ণ ও যৌক্তিক আবেদন। সরকারের নীতিনির্ধারক ও শিক্ষা বোর্ডের সমন্বিত উদ্যোগের মাধ্যমেই কেবল হাজার হাজার শিক্ষার্থীর এক বছর মূল্যবান সময় অপচয় হওয়া থেকে রক্ষা করা সম্ভব বলে আশাবাদ ব্যক্ত করেন তারা।

    আরও পড়ুন