| |
  • প্রচ্ছদ
  • লীড-১
  • এসএসসিতে অকৃতকার্য শিক্ষার্থীদের জন্য নীতিমালা করবে সরকার
  • মাহদী আমিন

    এসএসসিতে অকৃতকার্য শিক্ষার্থীদের জন্য নীতিমালা করবে সরকার

    Icon
    নিজস্ব প্রতিবেদক
    প্রকাশ: ১০ অক্টোবর ২০২৬, ০৬:১১ অপরাহ্ন

    এসএসসি বা সমমানের পরীক্ষায় অকৃতকার্য শিক্ষার্থীদের দীর্ঘ এক বছর অপেক্ষা করার নিয়ম থেকে বের করে এনে তাদের শিক্ষা জীবন সহজ করতে নতুন নীতিমালার কথা ভাবছে সরকার। সম্প্রতি রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত ‘চ্যালেঞ্জড শিক্ষার্থী সম্মেলন, ২০২৬’-এ প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রীর শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা মাহ্দী আমিন এই কথা জানান।

    অনুষ্ঠানে উপদেষ্টা বলেন, বর্তমান সরকারের লক্ষ্য শিক্ষার্থীদের একটি উজ্জ্বল ক্যারিয়ার গড়ার সুযোগ তৈরি করে দেওয়া। অকৃতকার্য শিক্ষার্থীদের জন্য নতুন যেসব উদ্যোগ ও পরিকল্পনার কথা তুলে ধরা হয়েছে, তা নিচে দেওয়া হলো:৩ থেকে ৬ মাসের মধ্যে পুন:পরীক্ষার সুযোগ: বিদ্যমান নিয়মে কোনো শিক্ষার্থী এক বা একাধিক বিষয়ে ফেল করলে তাকে পুরো এক বছর অপেক্ষা করতে হয়।

    তবে শিক্ষার্থীদের কথা বিবেচনা করে এখন থেকে ফেল করা বিষয়ে ১ বছর অপেক্ষা না করিয়ে ৩ থেকে ৬ মাসের মধ্যে পুনরায় পরীক্ষার ব্যবস্থা করার বিষয়টি সরকার সর্বোচ্চ ইতিবাচকভাবে পর্যালোচনা করছে।

    কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা: যেসব শিক্ষার্থী সাধারণ পড়াশোনার পাশাপাশি কারিগরি দক্ষতা অর্জন করতে চায়, তাদের জন্য কারিগরি প্রশিক্ষণকেন্দ্র বা ভোকেশনাল শিক্ষায় যুক্ত করার বিশেষ ব্যবস্থা নেওয়া হবে।

    ব্যবসার জন্য আর্থিক তহবিল: তরুণ ও শিক্ষার্থীদের মধ্যে যাদের নিজস্ব ব্যবসা বা উদ্যোক্তা হওয়ার আগ্রহ রয়েছে, তাদের জন্য ব্যবসা শুরুর প্রাথমিক মূলধন বা তহবিল সরবরাহের পরিকল্পনা রয়েছে সরকারের।

    বিদেশে কর্মসংস্থান ও ভাষা শিক্ষা: বিদেশে জনশক্তি রপ্তানির সুযোগ তৈরিতে শিক্ষার্থীদের জন্য বিশেষ প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে। এর অংশ হিসেবে তৃতীয় ভাষা শেখার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে এবং ৩ থেকে ৬ মাসের বিভিন্ন শর্ট কোর্স সম্পন্ন করে সহজে বিদেশে যাওয়ার পথ সুগম করা হবে।

    মাহ্দী আমিন আরও বলেন, একটি পরীক্ষার ফলাফল বা নির্দিষ্ট কিছু বিষয়ের ফল কখনো একজন শিক্ষার্থীর পুরো জীবনের সাফল্য নির্ধারণ করতে পারে না। তাই অকৃতকার্য শিক্ষার্থীদের হতাশ না হয়ে সামনের দিকে এগিয়ে যাওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, শিক্ষা মন্ত্রণালয় ও শিক্ষা বোর্ডগুলোর সঙ্গে আলোচনা করে শিক্ষার্থীদের জন্য একটি সুনির্দিষ্ট ও কল্যাণমুখী পথ তৈরি করা হবে।

    আরও পড়ুন