উদ্যোক্তা তৈরি করে কর্মসংস্থান সৃষ্টি করাই বর্তমান সরকারের মূল লক্ষ্য বলে জানিয়েছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি জানান, কর্মসংস্থান ব্যাংকের নতুন প্রকল্পের মাধ্যমে দেশে নতুন উদ্যোক্তা ও কর্মসংস্থান সৃষ্টি হবে।
সোমবার (০৭ সেপ্টেম্বর) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে কর্মসংস্থান ব্যাংক আয়োজিত ‘ক্ষুদ্র ব্যবসা, ক্ষুদ্রঋণ ও ক্ষুদ্র উদ্যোগ তহবিল প্রকল্প’-এর উদ্বোধন ও ঋণের চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অর্থমন্ত্রী জানান, এটি ৫০ কোটি টাকার একটি পাইলট প্রকল্প। যারা ব্যাংকে যেতে ভয় পান, তাদের সহজ ঋণের মাধ্যমে কর্মসংস্থানের সুযোগ তৈরি এবং উদ্যোক্তা হিসেবে গড়ে তোলার লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, সরকার এখন ‘ক্রিয়েটিভ ইকোনমি’ বা সৃজনশীল অর্থনীতির ওপর বিশেষভাবে গুরুত্ব দিচ্ছে। প্রান্তিক পর্যায়ের সৃজনশীল মানুষদের শুধু ঋণদানই নয়; তাঁদের প্রশিক্ষণ, পণ্য উন্নয়ন, ব্র্যান্ডিং ও বিপণনেও সহায়তা করা হচ্ছে।
গানসহ বিভিন্ন সৃজনশীল কর্মকাণ্ডে যুক্ত ব্যক্তিদের অর্থনৈতিক কর্মকাণ্ডে শামিল করে মূল্য সংযোজনের মাধ্যমে বাজারযোগ্য করার সুযোগ রয়েছে।ব্যাংকটির খেলাপি ঋণ (এনপিএল) নিয়ে অর্থমন্ত্রী বলেন, কর্মসংস্থান ব্যাংক বর্তমানে ভালো করছে এবং লাভজনক অবস্থায় আছে।
ব্যাংকটির খেলাপি ঋণ ৪ শতাংশ থেকে কমিয়ে ১ থেকে ২ শতাংশে নামিয়ে আনতে পারলে তা অর্থনীতির জন্য আরও ইতিবাচক ভূমিকা রাখবে।































