রাজধানীর কাঁচাবাজারগুলোতে ধীরে ধীরে প্রবেশ করতে শুরু করেছে আগাম শীতকালীন সবজি। তবে রাজধানীর বাজারগুলোতে শীতকালীন সবজির সরবরাহ বাড়ায় দাম কমেছে। আজ (২৩ অক্টোবর) শুক্রবার রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে, শীতের আমেজ শুরু হলেও ক্রেতাদের স্বস্তি দিচ্ছে সব ধরনের সবজির দাম।
বাজারে নতুন আসা আগাম জাতের ফুলকপি ও বাঁধাকপি প্রতি পিস ৩০ থেকে ৫০ টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া বেগুন, করলা, বরবটি ও শসার মতো সবজির কেজি প্রতি ৮০ থেকে ১১০ টাকা পর্যন্ত নেওয়া হচ্ছে।
তবে তুলনামূলকভাবে কম দামে কেবল কাঁচা পেঁপে (৩০ টাকা কেজি) এবং মিষ্টিকুমড়া (৪০-৫০ টাকা) পাওয়া যাচ্ছে। বিক্রেতাদের মতে, শীতের মূল মৌসুম পুরোদমে শুরু হলে এবং সরবরাহ আরও বাড়লে সবজির দাম উল্লেখযোগ্য পরিমাণে কমে আসবে।
একইসঙ্গে গত সপ্তাহের চেয়ে মুরগির দামও কিছুটা কমেছে। শুক্রবার (২৩ অক্টোবর) রাজধানীর মতিঝিল ও ফকিরাপুল বাজার ঘুরে দেখা গেছে এমন চিত্র। মুরগির বাজারে বড় কোনো উলটপালট নেই। ব্রয়লার মুরগি প্রতি কেজি ১৮০ থেকে ১৮৫ টাকা এবং সোনালি মুরগি ৩১০ থেকে ৩৪০ টাকার মধ্যে বিক্রি হচ্ছে।
তবে কিছুটা স্বস্তি ফিরেছে ডিমের বাজারে। পর্যাপ্ত সরবরাহের কারণে গত সপ্তাহের তুলনায় ফার্মের বাদামি ডিমের ডজন কমে ১৪০ থেকে ১৪৫ টাকার আশপাশে নেমেছে। নতুন আলু ১০০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে, যা গত সপ্তাহে ছিল ২০০ টাকা। প্রতিকেজি মুলা ৫০ টাকা, ফুলকপি ৪০ থেকে ৫০ টাকা এবং ছোট আকারের বাঁধাকপি ৩০ থেকে ৪০ টাকা পিস দরে বিক্রি হচ্ছে।
মাছের বাজারে আগের চড়া ভাবই বজায় রয়েছে। মাঝারি আকারের রুই মাছ প্রতি কেজি ৩৩০ থেকে ৩৬০ টাকায় এবং অন্যান্য চাষের ও দেশি মাছ চড়া দামেই বিক্রি হচ্ছে।
ক্রেতারা বলছেন, নিত্যপ্রয়োজনীয় প্রায় প্রতিটি পণ্যের দাম একসঙ্গে উর্ধ্বমুখী থাকায় সংসার চালাতে হিমশিম খেতে হচ্ছে নিম্ন ও মধ্যম আয়ের মানুষকে।





























