সৌদি আরবের রিয়াদের কিং খালেদ আন্তর্জাতিক বিমানবন্দরে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলায় নিহত বাংলাদেশি প্রবাসী মো. শাহেদ আহম্মেদের মরদেহ দেশে এসে পৌঁছেছে। শুক্রবার (২৩ অক্টোবর) সকাল ৮টা ৩৫ মিনিটে মরদেহবাহী বিমানটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। এ সময় মরদেহ গ্রহণ করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এর আগে গত ১০ অক্টোবর রিয়াদের কিং খালেদ আন্তর্জাতিক বিমানবন্দরে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলায় ১৩ জন নিহত হন, যার মধ্যে শাহেদও ছিলেন। ওই হামলায় কুমিল্লার নাঙ্গলকোটের মো. নাসরুল্লাহ বদরপুরি নামে আরেক বাংলাদেশিও নিহত হন এবং আরও ২৭ জন বাংলাদেশি আহত হন।
তিনি ওমরাহ ভিসায় সৌদি আরবে গিয়েছিলেন। হামলায় আহত হন আরও ২৭ বাংলাদেশি।
মরদেহ হস্তান্তরের সময় শাহেদের পরিবারকে ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের মাধ্যমে তাৎক্ষণিক ৮৫ হাজার টাকা আর্থিক সহায়তা প্রদান করা হয় (যাতায়াত ও দাফন খরচ বাবদ ৩৫ হাজার টাকা এবং বিশেষ অনুদান হিসেবে ৫০ হাজার টাকা)।
এছাড়া শাহেদের নিয়োগকারী প্রতিষ্ঠান ‘সা’দ আল ঈসা কন্ট্রাক্টিং কোম্পানি’ তার বকেয়া বেতন ও সার্ভিস বেনিফিট বাবদ প্রায় ৯ লাখ টাকা রিয়াদে বাংলাদেশ দূতাবাসের অ্যাকাউন্টে জমা দিয়েছে, যা শিগগিরই পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
মন্ত্রণালয় জানিয়েছে, বৈধ কাগজপত্র থাকলে তার পরিবার বিমা ও অন্যান্য সরকারি সুবিধা বাবদ আরও ১৩ লাখ টাকা সহায়তা পাওয়ার সুযোগ পাবে।































