| |
  • প্রচ্ছদ
  • লীড-২
  • দেশব্যাপী হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন
  • দেশব্যাপী হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন

    Icon
    নিজস্ব প্রতিবেদক
    প্রকাশ: ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৬ পূর্বাহ্ন

    নিয়মিত টিকাদান সূচি থেকে বাদ পড়া শিশুদের সুরক্ষায় আজ শনিবার (২৬ সেপ্টেম্বর) থেকে দেশজুড়ে শুরু হয়েছে দ্বিতীয় দফার বিশেষ হাম-রুবেলা টিকাদান কর্মসূচি। রাজধানীর মহাখালীর টিঅ্যান্ডটি খেলার মাঠে আনুষ্ঠানিকভাবে এই টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন করেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।

    অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্ৰণালয়ের প্রতিমন্ত্রী ডা. এম এ মুহিত। উদ্বোধনী অনুষ্ঠানে জানানো হয়, আগামী ৩১ অক্টোবর পর্যন্ত মাসব্যাপী এই বিশেষ অভিযান দেশের বিভিন্ন টিকাদান কেন্দ্রে পরিচালিত হবে।

    বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO), ইউনিসেফ এবং গ্যাভি (GAVI)-এর সহযোগিতায় বাস্তবায়িত এই কর্মসূচির মাধ্যমে ৬ মাস থেকে ৫৯ মাস বয়সী অন্তত ৩৪ লাখ শিশুকে টিকার আওতায় আনার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এর আগে এপ্রিল ও মে মাসে পরিচালিত প্রথম ধাপে ১ কোটি ৮০ লাখেরও বেশি শিশুকে সফলভাবে টিকার আওতায় আনা হয়েছিল।

    স্বাস্থ্যমন্ত্রী তাঁর বক্তব্যে জানান, সংক্রামক হাম ও রুবেলা রোগ প্রতিরোধে শিশুদের সময়মতো এমআর (MR) ভ্যাকসিন গ্রহণ করা আবশ্যক। নিয়মিত ইপিআই (EPI) শিডিউল অনুযায়ী ৯ ও ১৫ মাস বয়সের দুটি সাধারণ ডোজের পাশাপাশি অতিরিক্ত প্রতিরোধ ব্যবস্থা হিসেবে এই বিশেষ টিকা গ্রহণ করার জন্য তিনি সকল অভিভাবকদের আহ্বান জানান।

    স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকসহ সরকারের স্বাস্থ্য খাতের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। দেশব্যাপী শিশু স্বাস্থ্য সুরক্ষায় এই টিকাদান কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশা প্রকাশ করেন সংশ্লিষ্টরা।

    আরও পড়ুন