অবিলম্বে নিয়োগপত্র দেওয়ার দাবিতে রাজধানীর শাহবাগে অবস্থান কর্মসূচি শুরু করেছেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে চূড়ান্তভাবে সুপারিশপ্রাপ্ত ও নিয়োগবঞ্চিত প্রার্থীরা। আজ রোববার (২৭ সেপ্টেম্বর) বেলা ১১টার পর আন্দোলনকারীরা একটি মিছিল নিয়ে শাহবাগ থানার সামনের সড়কে অবস্থান নেন।
এর আগে তারা সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির সামনে জড়ো হতে শুরু করেন এবং পরে সেখান থেকে মিছিল নিয়ে শাহবাগের দিকে অগ্রসর হন। আন্দোলনকারীদের গঠিত ‘সারা বাংলাদেশের নিয়োগপত্র বঞ্চিত শিক্ষকবৃন্দ’ প্ল্যাটফর্মের ব্যানারে এই কর্মসূচি পরিচালিত হচ্ছে।
এর আগে গত শনিবার রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে আয়োজিত এক সংবাদ সম্মেলন থেকে এই অবস্থান কর্মসূচির ঘোষণা দেওয়া হয়েছিল। আন্দোলনরত প্রার্থীরা জানান, প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগে ১৪ হাজার ৩৮৪ জন প্রার্থীকে চূড়ান্তভাবে সুপারিশ করা হলেও জেলাভিত্তিক তালিকা প্রকাশের পর দেখা যায়, প্রায় ২ হাজার প্রার্থীর নিয়োগপত্র ইস্যু করা হয়নি।
দীর্ঘ আট মাস ধরে চূড়ান্ত সুপারিশ পেয়েও নিয়োগপত্র না পাওয়ায় তারা মানবেতর জীবনযাপন করছেন। কর্মসূচি থেকে দাবি জানানো হয়, চূড়ান্তভাবে সুপারিশপ্রাপ্ত কোনো প্রার্থীকে অযাচিত ভেরিফিকেশনের নামে বঞ্চিত করা নিয়োগবিধিমালার স্পষ্ট লঙ্ঘন।
দ্রুত সময়ের মধ্যে বাকি প্রার্থীদের হাতেও নিয়োগপত্র তুলে না দেওয়া পর্যন্ত এই অবস্থান কর্মসূচি অব্যাহত থাকবে বলে জানান আন্দোলনকারীরা।

























