টাঙ্গাইলের দাইন্যা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও বিএনপি নেতা রফিকুল ইসলাম ফারুক হত্যা মামলায় সাবেক এক ছাত্রলীগ নেতাসহ ৩ জনকে মৃত্যুদণ্ড এবং ৪ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সাথে আদালত এ মামলায় অভিযুক্ত একজনকে খালাস প্রদান করেছেন।
সোমবার (২১ সেপ্টেম্বর) দুপুরে টাঙ্গাইলের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. ফয়সাল আল মামুন এই রায় ঘোষণা করেন।মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন— ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় সহ-সভাপতি সানিয়াত খান বাপ্পা, মো. আজাদ ও শাহজাহান। সাজাপ্রাপ্ত অন্য আসামিরা হলেন— যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত মো. সুজন, ছানোয়ার হোসেন, শফিকুল ইসলাম ও রুজবেল। দণ্ডপ্রাপ্তদের মধ্যে বেশিরভাগ আসামিই বর্তমানে পলাতক রয়েছেন।
মামলার বিবরণী থেকে জানা যায়, ২০১৩ সালের ২০ ডিসেম্বর সকালে আকুরটাকুর বটতলা এলাকায় ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম ফারুককে গুলি করে ও কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। ঘটনার পরদিন নিহতের ছোট ভাই বাদী হয়ে টাঙ্গাইল সদর থানায় মামলা দায়ের করেন।
সিআইডির দীর্ঘ তদন্ত ও সাক্ষ্যগ্রহণ শেষে আদালত আজ এ রায় প্রদান করেন।

























