রাজধানীর মিরপুরের রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে ভাঙচুর ও লুটপাটের ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে শাহ আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) প্রত্যাহার করা হয়েছে। আজ সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ এই সিদ্ধান্তের কথা জানান।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “উক্ত পুলিশ কর্মকর্তার দায়িত্ব পালনে অবহেলা প্রমাণিত হয়েছে। তাকে প্রত্যাহার করা হয়েছে এবং তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।” তিনি আরও জানান, সরকার এই ঘটনার বিষয়ে অত্যন্ত কঠোর অবস্থান নিয়েছে।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ঊর্ধ্বতন কর্মকর্তারা ইতিমধ্যে ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলেছেন। তদন্তে যাদেরই জড়িত থাকার প্রমাণ পাওয়া যাবে, তাদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।
উল্লেখ্য, গত বৃহস্পতিবার মধ্যরাতে দেশীয় অস্ত্রে সজ্জিত ২০০ জনেরও বেশি মুখোশধারী দুর্বৃত্ত রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে হানা দেয়। তারা ভবনের দুই নিরাপত্তা প্রহরীকে জিম্মি করে ভারী যন্ত্রপাতি দিয়ে স্থাপনাটি গুঁড়িয়ে দেয় এবং চিকিৎসা সরঞ্জাম, ওষুধ, টিকা ও নগদ অর্থসহ মূল্যবান সামগ্রী লুট করে নিয়ে যায়।
এ ঘটনায় ইতোমধ্যে শাহ আলী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। অভিযান চালিয়ে ডিএমপি এ পর্যন্ত ৯ জনকে গ্রেফতার করেছে এবং স্বাস্থ্যকেন্দ্র থেকে লুট হওয়া দুই ট্রাকভর্তি মালামাল উদ্ধার করেছে।
ঘটনার সঙ্গে জড়িত বাকিদের শনাক্ত ও গ্রেফতার করতে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।
























