সাতক্ষীরা-৪ আসনের সাবেক সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম ও তার প্রথম স্ত্রী মোছা. মাকছুদা ইসলামকে আদালতের মাধ্যমে রিমান্ডে নেওয়ার আবেদন জানাবে পুলিশ। দ্বিতীয় স্ত্রী মোছা. মরিয়ম খাতুনের (১৯) আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে করা মামলায় তাদের গ্রেফতার দেখিয়ে আদালতে হাজির করা হচ্ছে।
পুলিশ ও আদালত সূত্রে জানা গেছে, মামলার সুষ্ঠু তদন্ত এবং ঘটনার আসল রহস্য উন্মোচনে দুই আসামিকে জিজ্ঞাসাবাদের জন্য ঢাকার নিম্ন আদালতে রিমান্ডের এই আবেদন জানানো হবে। এর আগে, গত রোববার (২০ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাজধানীর শেরেবাংলা নগরের ন্যাম ভবনের একটি ফ্ল্যাট থেকে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় মরিয়মের মরদেহ উদ্ধার করা হয়।
পরে রাতে মৃতের বাবা এস এম মাসুম বিল্লাহ বাদী হয়ে শেরেবাংলা নগর থানায় আত্মহত্যা প্ররোচনার অভিযোগে মামলাটি দায়ের করেন। মামলায় গাজী নজরুল ইসলাম ও তার প্রথম স্ত্রী ছাড়াও আরও একজনকে আসামি করা হয়েছে।
























