নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার উপকূলসংলগ্ন বঙ্গোপসাগরে একটি মাছ ধরার ট্রলারে ধরা পড়েছে প্রায় ৬০ মণ ইলিশ। পরে এসব মাছ নিলামে প্রায় ২০ লাখ টাকায় বিক্রি হয়েছে। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সকালে বিপুল পরিমাণ ইলিশ নিয়ে চেয়ারম্যান ঘাটে ফেরেন জেলেরা। পরে মাছগুলো সাইফুল মৎস্য আড়তে নেওয়া হলে দুপুর পর্যন্ত তিন ধাপে নিলাম অনুষ্ঠিত হয়।
এতে প্রায় ২০ লাখ টাকায় মাছগুলো বিক্রি হয়। জানা যায়, হাতিয়ার জেলে আব্দুর রহিম মাঝি ১৮ জন মাঝি-মাল্লা নিয়ে বঙ্গোপসাগরে মাছ ধরতে যান। সাগরে টানা ছয় দিন অবস্থানের পর বৃহস্পতিবার সকালে বিপুল পরিমাণ ইলিশ নিয়ে তারা চেয়ারম্যান ঘাটে ফেরেন।
পরে মাছগুলো সাইফুল মৎস্য আড়তে নিলামে তোলা হলে ব্যবসায়ীরা প্রতিযোগিতার মাধ্যমে সেগুলো কিনে নেন। একসঙ্গে এত বিপুল পরিমাণ ইলিশ ধরা পড়ায় জেলে, আড়তদার ও ব্যবসায়ীদের মধ্যে আনন্দ-উৎসাহ দেখা যায়।
স্থানীয় জেলেরা জানান, একসঙ্গে এত বিপুল পরিমাণ ইলিশ ধরা পড়ায় তারা উৎসাহিত হয়েছেন। সাগরে ইলিশের এমন প্রাচুর্য অব্যাহত থাকলে জেলেদের আয় বাড়ার পাশাপাশি স্থানীয় মাছের বাজারেও ইতিবাচক প্রভাব পড়বে বলে আশা করছেন তারা।
জেলা মৎস্য কর্মকর্তা হারুন অর রশিদ জানান, সাগরে ইলিশের প্রাপ্যতা ভালো থাকায় জেলেরা আশানুরূপ মাছ পাচ্ছেন। তবে ইলিশের উৎপাদন ও প্রজনন বাড়াতে জাটকা সংরক্ষণ এবং নিষেধাজ্ঞার সময়ে মাছ ধরা থেকে বিরত থাকা জরুরি।

























