ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ডের মামলার প্রধান অভিযুক্ত ফয়সাল দেশ ছেড়ে পালিয়েছে বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) এস এন মো. নজরুল ইসলাম।
রোববার (২৮ ডিসেম্বর) সকালে রাজধানীর মিন্টু রোডে ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।
নজরুল ইসলাম বলেন, হত্যাকাণ্ডটি পূর্বপরিকল্পিত ছিল। ঘটনার পর ফয়সালসহ আরও একজন ময়মনসিংহ হয়ে সীমান্ত অতিক্রম করে ভারতে পালিয়ে যায়।
তিনি আরও বলেন, এ ঘটনায় এখন পর্যন্ত মোট ১১ জনকে গ্রেপ্তার করেছে ডিএমপি। তাদের মধ্যে ৬ জন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে।
ডিএমপির এই কর্মকর্তা বলেন, মামলার তদন্ত দ্রুতগতিতে এগিয়ে চলছে এবং আগামী ৭ থেকে ৮ দিনের মধ্যে এ হত্যাকাণ্ডের মামলার অভিযোগপত্র আদালতে দাখিল করা হবে।


























