| |
  • প্রচ্ছদ
  • চট্টগ্রাম
  • সুকান্তের জন্মশতবর্ষে প্রমার বর্ণিল আয়োজন
  • সুকান্তের জন্মশতবর্ষে প্রমার বর্ণিল আয়োজন

    Icon
    নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
    প্রকাশ: ২৫ নভেম্বর ২০২৬, ১০:৫৪ অপরাহ্ণ

    ‘ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যময়, পূর্ণিমার চাঁদ যেন ঝলসানো রুটি’—শোষণ, বঞ্চনা ও বৈষম্যের বিরুদ্ধে প্রতিবাদী কণ্ঠস্বর কবি সুকান্ত ভট্টাচার্যের জন্মশতবর্ষ উদযাপন করেছে চট্টগ্রামের আবৃত্তি সংগঠন প্রমা।

    মঙ্গলবার (২৪ নভেম্বর) সন্ধ্যায় চট্টগ্রাম থিয়েটার ইনস্টিটিউট মিলনায়তনে আবৃত্তি, সংগীত, নৃত্য ও কথামালার মধ্য দিয়ে কবির জীবন, সাহিত্যকর্ম ও দ্রোহের দর্শন তুলে ধরেন শিল্পীরা।

    প্রমার সভাপতি ও আবৃত্তিশিল্পী রাশেদ হাসানের পরিকল্পনা, গ্রন্থনা ও সঞ্চালনায় অনুষ্ঠানে আলোচক ছিলেন কবি ও সাংবাদিক ওমর কায়সার। সুকান্তের কবিতা ও জীবনদর্শন বিশ্লেষণ করে তিনি বলেন, সুকান্ত ক্ষুধার রাজনীতি করেছেন, ক্ষুধার্ত মানুষের পক্ষে কথা বলেছেন। তাঁর লেখায় সাধারণ মানুষের কষ্ট, অধিকার, প্রতিবাদ ও প্রতিরোধের চিত্র উঠে এসেছে।

    কথামালা পর্বে বক্তব্য দেন কবি ও শিক্ষক অধ্যাপক হোসাইন কবির, কবি জিন্নাহ চৌধুরী ও কবি আখতারি ইসলাম। সংগঠনের সাধারণ সম্পাদক বিশ্বজিৎ পালের সুকান্ত ভট্টাচার্যের জীবনী পাঠের মধ্য দিয়ে আয়োজনের সূচনা হয়। এতে মাত্র ২১ বছরের জীবনে (১৯২৬-১৯৪৭) শোষিত, বঞ্চিত ও প্রান্তিক মানুষের কণ্ঠস্বর হয়ে ওঠার পেছনে কবির সাহিত্যিক দর্শন ও জীবনসংগ্রামের নানা দিক তুলে ধরা হয়।

    অনুষ্ঠানের মূল পর্বে সুকান্তের কবিতা, ছড়া, গল্প ও চিঠি থেকে একক ও দলীয় আবৃত্তি পরিবেশন করেন শিল্পীরা। একক আবৃত্তিতে কঙ্কন দাশ সুকান্তের গল্প ‘ভদ্রলোক’, জেরিন মিলি ‘অরুণাচল বসুকে চিঠি’, মোহিত বিশ্বাস ‘ছাড়পত্র’, সাইফুর রহমান ‘প্রিয়তমাসু’, ইব্রাহিম খলিল মাসুদ ‘চট্টগ্রাম ১৯৪৩’ এবং সুমিষ্টা বড়ুয়া পপি ‘আঠার বছর বয়স’ পরিবেশন করেন।

    এ ছাড়া আফরিন নিগার ‘ঐতিহাসিক’, কলি দাস ‘চিল’, হৈমন্তি শুক্লা মল্লিক ‘একটি মোরগের আত্মকাহিনী’, মৌসুমি চক্রবর্তী ‘সুকান্ত তোমাকে’ এবং তপতী মজুমদার ‘এই নবান্নে’ আবৃত্তি করেন।

    আমন্ত্রিত আবৃত্তিশিল্পীদের পরিবেশনাও আয়োজনকে প্রাণবন্ত করে তোলে। নরেন আবৃত্তি একাডেমির পরিচালক মিশফাক রাসেল ‘পঁচিশে বৈশাখের উদ্দেশ্যে’, ত্রিতরঙ আবৃত্তি দলের সভাপতি দেবাশীষ রুদ্র ‘জনতার মুখে ফোটে বিদ্যুতবাণী’, মেজবা চৌধুরী ‘বিয়ে বাড়ির মজা’, ইতি পুষ্পা সর্ববিদ্যা ‘দেশলাই কাঠি’, তাজুল ইসলাম ‘ফসলের ডাক ১৩৫১’ এবং সঞ্জয় পাল ‘ব্ল্যাক মার্কেট’ আবৃত্তি করেন।

    সুকান্তের কালজয়ী সৃষ্টি নিয়ে প্রমার সদস্যরা দলীয় আবৃত্তি ‘জাগবার দিন আজ’ পরিবেশন করেন। এ ছাড়া আমন্ত্রিত সংগঠন বোধন আবৃত্তি পরিষদও দলীয় আবৃত্তি পরিবেশন করে।

    আবৃত্তির পাশাপাশি সংগীত ও নৃত্য পরিবেশনায় যোগ হয় ভিন্ন মাত্রা। আমন্ত্রিত সংগঠন অভ্যুদয় সংগীত অঙ্গন সুকান্তের ‘বোধন’ ও ‘হে মহাজীবন’ কবিতার গান পরিবেশন করে। এতে সংগীত পরিচালনায় ছিলেন বরেণ্য সংগীতশিল্পী শ্রেয়সী রায়।

    অন্যদিকে, সুকান্তের ‘রানার’ কবিতার গানের সঙ্গে নৃত্য পরিবেশন করে সুরাঙ্গম বিদ্যাপীঠ। এতে নৃত্যশিল্পী চয়ন দেবনাথ অংশ নেন এবং পরিচালনায় ছিলেন হিল্লোল দাশ সুমন।

    অনুষ্ঠানে তবলায় ছিলেন প্রমার জ্যেষ্ঠ সদস্য রানা বড়ুয়া এবং কিবোর্ডে আবহসংগীত পরিবেশন করেন সৃজন রায়।

    আরও পড়ুন