ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মুন্সীগঞ্জের গজারিয়া অংশে কুমিল্লামুখী লেনে প্রায় ১৩ কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। এতে চরম দুর্ভোগ ও ভোগান্তিতে পড়েছেন দূরপাল্লার বাস, ট্রাকসহ বিভিন্ন যানবাহনের চালক ও যাত্রীরা।
স্থানীয় বাসিন্দা ও হাইওয়ে পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার (১৩ নভেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে দাউদকান্দি এলাকায় মেঘনা-গোমতী সেতুর ঢালে মহাসড়কের কুমিল্লামুখী লেনে একটি কাভার্ড ভ্যান বিকল হয়ে পড়ে। এর ফলে ওই লেনে যান চলাচল মারাত্মকভাবে ব্যাহত হয়।
পরবর্তীতে সাপ্তাহিক ছুটির দিন হওয়ায় যানবাহনের চাপ বাড়তে থাকলে গজারিয়া অংশের জামালদী থেকে শুরু করে প্রায় ১৩ কিলোমিটার এলাকাজুড়ে যানবাহনের দীর্ঘ সারি তৈরি হয়। মহাসড়কের বিভিন্ন স্থানে গাড়ি থেমে থেমে ও অত্যন্ত ধীরগতিতে চলাচল করছে।
স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা যায়, সেতুর ঢালে কাভার্ড ভ্যানটি বিকল হওয়ায় মহাসড়কে যান চলাচল বাধাগ্রস্ত হয়।
যানজটে আটকে থাকা ট্রাকচালক মনিরুল ইসলাম জানান, তিনি জামালদী এলাকা থেকে যানজটে আটকা পড়েছেন এবং মাত্র কয়েক কিলোমিটার পথ পাড়ি দিয়ে ভাটেরচর বাসস্ট্যান্ডে পৌঁছাতেই তাঁর প্রায় দেড় ঘণ্টা সময় লেগে গেছে।
পরে যানবাহনের চাপ বাড়তে থাকলে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এ সময় মহাসড়কের বিভিন্ন স্থানে যানবাহন থেমে থেমে ও ধীরগতিতে চলাচল করে।
একইভাবে ভোগান্তির কথা জানিয়ে শাহাবুদ্দিন নামের এক বাসযাত্রী বলেন, “আমি ঢাকায় চাকরি করি। সরকারি ছুটির দিনে গ্রামের বাড়িতে বিভিন্ন কাজে বা পারিবারিক অনুষ্ঠানে যেতে হয়। কিন্তু মহাসড়কে প্রায়ই এমন যানজটের কারণে আমাদের চরম বিড়ম্বনায় পড়তে হচ্ছে। আমরা এই সমস্যার স্থায়ী সমাধান চাই।”
এ বিষয়ে ভবেরচর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. মনিরুজ্জামান জানান, মেঘনা-গোমতী সেতুর ঢালে একটি কাভার্ড ভ্যান বিকল হওয়ার কারণেই এই যানজটের সৃষ্টি হয়েছে। বিকল গাড়িটি রেকারের সাহায্যে সরিয়ে নেওয়ার কাজ চলছে এবং খুব দ্রুতই মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়ে আসবে বলে তিনি আশা প্রকাশ করেন।
ভুক্তভোগী যাত্রী ও পরিবহন চালকরা দ্রুত বিকল যানবাহন সরিয়ে মহাসড়কে নির্বিঘ্ন ও স্বাভাবিক যান চলাচল নিশ্চিত করার দাবি জানিয়েছেন।























