বদলির আদেশ জারির দাবিতে আমরণ অনশন কর্মসূচি শুরু করেছেন বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্ত নারী শিক্ষকরা। দ্রুত সময়ের মধ্যে বদলির প্রজ্ঞাপন জারি না হওয়া পর্যন্ত তাঁরা এই কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন।
আজ বুধবার (২৫ নভেম্বর) সকাল ১০টা থেকে জাতীয় প্রেস ক্লাবের সামনে নারী শিক্ষকদের উদ্যোগে ও ‘এমপিওভুক্ত বদলিপ্রত্যাশী শিক্ষকসমাজ’-এর সমর্থনে এ আমরণ অনশন কর্মসূচি শুরু হয়।
আন্দোলনরত নারী শিক্ষকরা জানান, দীর্ঘদিন ধরে পরিবার ও সন্তানদের থেকে দূরে থেকে বিভিন্ন জেলায় শিক্ষকতা করতে গিয়ে তাঁরা চরম মানসিক ও পারিবারিক সংকটে ভুগছেন। স্বল্প বেতনে দূরের কর্মস্থলে আবাসন ও যাতায়াতের ব্যয় নির্বাহ করা তাঁদের পক্ষে অসম্ভব হয়ে পড়েছে।
এর আগে একাধিকবার মানববন্ধন, অবস্থান কর্মসূচি ও স্মারকলিপি প্রদান করা হলেও শিক্ষা মন্ত্রণালয় বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে বদলির আদেশ জারির কোনো দৃশ্যমান পদক্ষেপ নেওয়া হয়নি।
বিশেষ করে নারী শিক্ষকরা স্বামী, সন্তান ও বৃদ্ধ মা-বাবাকে ছেড়ে নিজ জেলা থেকে শত শত কিলোমিটার দূরে কর্মস্থলে দায়িত্ব পালন করতে গিয়ে প্রতিনিয়ত পারিবারিক ও সামাজিক সংকটের সম্মুখীন হচ্ছেন।
তারা বলেন, একজন শিক্ষক শুধু পাঠদানই করেন না, তিনিও একটি পরিবারের গুরুত্বপূর্ণ সদস্য।
পরিবারের কাছাকাছি থেকে স্বাভাবিক ও মানবিক জীবনযাপনের প্রত্যাশা কোনো অন্যায় দাবি হতে পারে না। বদলির অফিস আদেশ প্রকাশে দীর্ঘসূত্রতা শিক্ষকদের এই ন্যায্য প্রত্যাশাকে অনিশ্চয়তার মধ্যে ঠেলে দিয়েছে।
তাদের দাবিগুলো হলো– এমপিওভুক্ত শিক্ষকদের বদলির চূড়ান্ত অফিস আদেশ অবিলম্বে প্রকাশ করতে হবে, নির্ধারিত নীতিমালা ও স্বচ্ছ প্রক্রিয়া অনুসরণ করে বদলি কার্যক্রম সম্পন্ন করতে হবে, নারী শিক্ষকদের পারিবারিক ও মানবিক সংকটকে বিশেষ গুরুত্ব দিয়ে দ্রুত রেজাল্ট প্রকাশ করতে হবে, শিক্ষকসমাজের দীর্ঘদিনের অপেক্ষা ও দুর্ভোগের অবসান ঘটাতে হবে।
অনশনস্থলে উপস্থিত শিক্ষক নেতারা বলেন, সরকারি শিক্ষকদের মতো এমপিওভুক্ত শিক্ষকদেরও বদলির ন্যায্য অধিকার রয়েছে। বিশেষ করে নারী শিক্ষকদের পারিবারিক ও সামাজিক বাস্তবতা বিবেচনায় নিয়ে অবিলম্বে বদলি নীতিমালা বাস্তবায়ন ও প্রজ্ঞাপন জারি করা জরুরি।
দাবি আদায় না হওয়া পর্যন্ত তাঁরা অনশনস্থল ত্যাগ করবেন না বলেও হুঁশিয়ারি দেন।
























