উত্তরের সীমান্তঘেঁষা জেলা লালমনিরহাট সফরে আগামীকাল বৃহস্পতিবার (১৯ নভেম্বর) যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সরকারপ্রধান হিসেবে তাঁর এই প্রথম এবং দীর্ঘ দুই দশকেরও বেশি সময় পর তিস্তাপারের জেলাটিতে সফরকে কেন্দ্র করে পুরো অঞ্চলে উৎসবমুখর পরিবেশ ও ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে।
আজ বুধবার (১৮ নভেম্বর) প্রধানমন্ত্রীর প্রেস উইং সূত্রে জানা গেছে, সফরসূচি অনুযায়ী প্রধানমন্ত্রী বৃহস্পতিবার সকালে রাজধানী ঢাকা থেকে আকাশপথে লালমনিরহাট এয়ারফিল্ডে অবতরণ করবেন।
লালমনিরহাট পৌঁছে তিনি প্রথমে ‘অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয় বাংলাদেশ’-এর ক্যাম্পাস পরিদর্শন করবেন এবং বিশ্ববিদ্যালয়টি আয়োজিত প্রথম জাতীয় অ্যারো-জিনিয়াস প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন।
এরপর দুপুরে সদর উপজেলার মহেন্দ্রনগর এলাকায় পানি নিষ্কাশন মডেল খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। সেখানে স্থানীয় উপকারভোগীদের সঙ্গে মতবিনিময় ও জনসভায় বক্তব্য রাখার কথা রয়েছে তাঁর।
দিনের পরবর্তী কর্মসূচিতে প্রধানমন্ত্রী লালমনিরহাট সার্কিট হাউসে সংক্ষিপ্ত যাত্রাবিরতি শেষে জেলা শহরের কালেক্টরেট মাঠে আয়োজিত ‘আলোকিত লালমনিরহাট’ শীর্ষক অনুষ্ঠানে যোগ দেবেন এবং হাজারো স্বেচ্ছাসেবীর সঙ্গে মতবিনিময় করবেন।
এদিকে প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে লালমনিরহাট জেলা শহর ও আশপাশের এলাকায় নেওয়া হয়েছে ব্যাপক প্রস্তুতি। শহরের মিশনমোড়সহ গুরুত্বপূর্ণ সড়ক ও আইল্যান্ডগুলো নতুন সাজে সাজানো হয়েছে এবং কালেক্টরেট মাঠে নির্মাণ করা হয়েছে বিশাল প্যান্ডেল। পাশাপাশি যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে জেলাজুড়ে জোরদার করা হয়েছে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা।
সফরের সব আনুষ্ঠানিকতা শেষে বিকেলে আকাশপথে লালমনিরহাট থেকে ঢাকার উদ্দেশে রওনা হবেন প্রধানমন্ত্রী।




























