দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো তাদের নিজস্ব আইন ও বিধিমালা অনুযায়ী স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি কার্যক্রম পরিচালনা করতে পারবে। বিশ্ববিদ্যালয়গুলোর স্বায়ত্তশাসন, অ্যাকাডেমিক মান এবং স্বকীয়তা বজায় রাখার স্বার্থে নিজস্ব আইনি কাঠামোর মধ্য থেকেই ভর্তি পরীক্ষা ও শিক্ষার্থী ভর্তির প্রক্রিয়া সম্পন্ন করার সুযোগ থাকছে।
আজ বুধবার (১৮ নভেম্বর ২০২৬) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান প্রফেসর ড. মামুন আহমেদের সভাপতিত্বে পাবলিক বিশ্ববিদ্যালয়সমূহের ভর্তি কার্যক্রম পরিচালনা সংক্রান্ত বিশেষ সভায় এ সিদ্ধান্ত হয়।
সংশ্লিষ্ট সূত্র জানায়, প্রতিটি পাবলিক বিশ্ববিদ্যালয় জাতীয় সংসদে পাস হওয়া নিজ নিজ আইন ও সংবিধি দ্বারা পরিচালিত হয়। এই আইনে বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক কাউন্সিল এবং সিন্ডিকেটকে শিক্ষার্থী ভর্তির নীতিমালা নির্ধারণ, যোগ্যতা যাচাই এবং পরীক্ষা গ্রহণের পূর্ণ ক্ষমতা দেওয়া হয়েছে।
ফলে বিশ্ববিদ্যালয়গুলো চাইলে নিজস্ব ব্যবস্থাপনায় কিংবা নিজেদের অ্যাকাডেমিক কাউন্সিলের সিদ্ধান্তের ভিত্তিতে গুচ্ছ বা এককভাবে ভর্তি কার্যক্রম পরিচালনা করতে পারবে।
শিক্ষাবিদ ও বিশ্ববিদ্যালয় প্রশাসনের কর্মকর্তারা মনে করছেন, নিজস্ব আইনে ভর্তি কার্যক্রম পরিচালনার এই সুযোগ বিশ্ববিদ্যালয়গুলোর অ্যাকাডেমিক স্বাধীনতাকে সমুন্নত রাখবে। এতে করে প্রতিটি বিশ্ববিদ্যালয় তাদের নিজস্ব চাহিদা ও মানদণ্ড অনুযায়ী মেধাবী শিক্ষার্থী বাছাই করতে সক্ষম হবে।
একইসঙ্গে বিশ্ববিদ্যালয়সমূহের একাডেমিক স্বাধীনতা অক্ষুণ্ন রেখে নিজ নিজ আইন, বিধি-বিধান ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী ভর্তি কার্যক্রম পরিচালনার বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের বিষয়টিও উল্লেখ করা হয়।
৯ নভেম্বরের সভায় গৃহীত সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে সৃষ্ট ভুল-বোঝাবুঝি নিরসন এবং পাবলিক বিশ্ববিদ্যালয়সমূহের ভর্তি কার্যক্রম পরিচালনার বিষয়ে স্পষ্টীকরণের লক্ষ্যে ১৮ নভেম্বর সন্ধ্যায় বিশেষ এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় বিশ্ববিদ্যালয়সমূহের ভর্তি কার্যক্রম পরিচালনার আইনগত ও প্রাতিষ্ঠানিক ক্ষমতা এবং একাডেমিক স্বায়ত্তশাসনের বিষয়টি বিস্তারিতভাবে পর্যালোচনা করা হয়।
বিস্তারিত আলোচনা শেষে সভায় সর্বসম্মতিক্রমে তিনটি সিদ্ধান্ত গৃহীত হয়। সিদ্ধান্ত অনুযায়ী, গত ৯ নভেম্বর অনুষ্ঠিত সভায় গৃহীত সিদ্ধান্ত বাতিল করা হয়েছে।
একইসঙ্গে বিশ্ববিদ্যালয়সমূহ তাদের নিজস্ব আইন, সংবিধি, বিধি, প্রবিধান, নীতিমালা এবং যথাযথ একাডেমিক কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুসরণ করে নিজ নিজ ভর্তি কার্যক্রম পরিচালনার বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করতে পারবে বলে সভায় সিদ্ধান্ত গৃহীত হয়।
পাবলিক বিশ্ববিদ্যালয়সমূহের শিক্ষা কার্যক্রম পরিচালনা ও একাডেমিক বিষয়ে প্রযোজ্য আইনগত কাঠামোর মধ্যে তাদের স্বায়ত্তশাসন ও স্বাধীনতা রয়েছে।
সভায় বিশ্ববিদ্যালয়সমূহের আইনগত ক্ষমতা, একাডেমিক স্বায়ত্তশাসন এবং শিক্ষার্থীদের স্বার্থ বিবেচনায় নিয়ে ভর্তি কার্যক্রম পরিচালনার ওপর গুরুত্বারোপ করা হয়।
উল্লেখ্য, দেশের উচ্চশিক্ষার মানোন্নয়ন এবং ভর্তিচ্ছু শিক্ষার্থীদের ভোগান্তি কমাতে বিভিন্ন সময় কেন্দ্রীয় বা গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা নেওয়ার বিষয়ে আলোচনা হলেও বিশ্ববিদ্যালয়গুলোর নিজস্ব আইনি কাঠামোর বিষয়টি বরাবরই গুরুত্ব পেয়ে আসছে।
বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) ও শিক্ষা মন্ত্রণালয়ের সমন্বয়ে বিশ্ববিদ্যালয়গুলোর নিজস্ব আইনের প্রতি শ্রদ্ধা রেখেই পরবর্তী ভর্তি কার্যক্রমের রূপরেখা চূড়ান্ত করা হবে বলে জানা গেছে।
























