কক্সবাজারের ঈদগাঁওয়ে যাত্রীবাহী বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে পাঁচজন নিহত হয়েছেন।
আজ মঙ্গলবার (২৪ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের ঈদগাঁও থানার সামনে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, কক্সবাজারগামী হানিফ পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা চকরিয়াগামী একটি সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়।
সংঘর্ষে অটোরিকশাটি দুমড়েমুচড়ে বাসের নিচে চাপা পড়ে এবং ঘটনাস্থলেই তিন যাত্রী মারা যান। গুরুতর আহত অবস্থায় বাকিদের উদ্ধার করে কক্সবাজার জেলা সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় আরও দুজনের মৃত্যু হয়।
নিহতদের মধ্যে চকরিয়ার খুটাখালী এলাকার জসিম উদ্দিন (৫৫) ও সাহাব উদ্দিন (৪৩) এবং বান্দরবানের লামা উপজেলার সাইফুল ইসলামের (২৪) পরিচয় পাওয়া গেছে। নিহতদের মধ্যে নারীও রয়েছেন বলে পুলিশ জানিয়েছে, তবে বাকিদের পরিচয় তাৎক্ষণিকভাবে নিশ্চিত করা যায়নি।
ঈদগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ টি এম শিফাতুল মাজদার পাঁচজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, দুর্ঘটনাকবলিত বাস ও অটোরিকশা জব্দ করে থানা হেফাজতে নেওয়া হয়েছে এবং এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

























