| |
  • প্রচ্ছদ
  • লীড-২
  • শুধু চাকরি নয়, কর্মসংস্থান সৃষ্টির চিন্তা করতে হবে: শিক্ষামন্ত্রী
  • শুধু চাকরি নয়, কর্মসংস্থান সৃষ্টির চিন্তা করতে হবে: শিক্ষামন্ত্রী

    Icon
    নিজস্ব প্রতিবেদক
    প্রকাশ: ২৫ নভেম্বর ২০২৬, ০৯:০০ অপরাহ্ণ

    শুধু প্রচলিত চাকরির চিন্তায় সীমাবদ্ধ না থেকে নতুন কর্মসংস্থান সৃষ্টির বিষয়ে তরুণদের ভাবতে হবে বলে মন্তব্য করেছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেছেন, পেশাগত জীবনে সাফল্য অর্জনের পাশাপাশি দেশের উন্নয়নেও ভূমিকা রাখতে হবে।

    বুধবার (২৫ নভেম্বর) মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির (এমআইএসটি) কাউন্সিলের ১৯তম সমাবর্তন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

    শিক্ষার্থীদের উদ্দেশে শিক্ষামন্ত্রী বলেন, পেশাগত সাফল্য অর্জনের পাশাপাশি দেশের প্রতি দায়িত্ব পালনও সমান গুরুত্বপূর্ণ। নিজেদের জ্ঞান ও দক্ষতা কাজে লাগিয়ে দেশের বিভিন্ন সমস্যার সমাধান, বিদ্যমান ব্যবস্থার উন্নয়ন এবং অন্যদের জন্য নতুন সুযোগ তৈরি করতে হবে।

    তিনি বলেন, অত্যাধুনিক প্রযুক্তির এই যুগে বাংলাদেশ গুরুত্বপূর্ণ পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে। এ সময়ে দেশের প্রয়োজন এমন দক্ষ পেশাজীবী, যাঁরা প্রযুক্তিগত জ্ঞানের পাশাপাশি সততা, উদ্ভাবনী চিন্তা ও দায়িত্ববোধের পরিচয় দেবেন।

    শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আত্মনির্ভরশীল বাংলাদেশ গড়ার স্বপ্নের কথা উল্লেখ করে তিনি বলেন, শিক্ষিত ও দক্ষ জনগোষ্ঠীই জাতীয় উন্নয়নের চালিকাশক্তি। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সরকার সেই লক্ষ্য বাস্তবায়নে কাজ করছে। শিক্ষার মানোন্নয়ন, গবেষণা ও উদ্ভাবনের প্রসার এবং তরুণদের আধুনিক প্রযুক্তিনির্ভর বাংলাদেশ গড়ার উপযোগী করে তুলতে বিভিন্ন উদ্যোগ নেওয়া হচ্ছে।

    কর্মসংস্থানের চ্যালেঞ্জ প্রসঙ্গে শিক্ষামন্ত্রী বলেন, চাকরি পাওয়া অনেক সময় কঠিন হতে পারে। তবে প্রতিটি চ্যালেঞ্জের মধ্যেই নতুন সম্ভাবনা ও সুযোগ রয়েছে। তাই তরুণদের নিজেদের জ্ঞান, সৃজনশীলতা ও উদ্ভাবনী শক্তি কাজে লাগিয়ে নতুন প্রযুক্তি উদ্ভাবন, ব্যবসাপ্রতিষ্ঠান গড়ে তোলা এবং অন্যদের কর্মসংস্থানের সুযোগ তৈরিতে মনোযোগী হতে হবে।

    তিনি আরও বলেন, তরুণদের দক্ষতা ও নতুন ধারণা দেশের নতুন শিল্প গড়ে তোলা এবং অর্থনীতিকে শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

    অনুষ্ঠানে সমাবর্তন বক্তা হিসেবে বক্তব্য দেন বিশিষ্ট নাট্য অভিনেতা আবুল হায়াত।

    এ সময় সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম, বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান এবং এমআইএসটির কমান্ড্যান্ট মেজর জেনারেল মো. হাকিমুজ্জামানসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

    আরও পড়ুন