ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশকে একটি সত্যিকারের আত্মমর্যাদাশীল রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করতে বর্তমান সরকার বদ্ধপরিকর বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, দেশের সার্বভৌমত্ব রক্ষা ও জনগণের অধিকার সুনিশ্চিত করার মাধ্যমে একটি বৈষম্যহীন, গণতান্ত্রিক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলাই সরকারের মূল লক্ষ্য।
আজ শনিবার (২১ নভেম্বর) সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী তাঁর বক্তব্যে মহান মুক্তিযুদ্ধ ও পরবর্তী গণতান্ত্রিক আন্দোলনে আত্মত্যাগকারী বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। তিনি উল্লেখ করেন, দীর্ঘ সংগ্রামের পর দেশ আজ ফ্যাসিবাদমুক্ত হয়েছে। এই অর্জনকে ধরে রাখতে এবং রাষ্ট্রের প্রতিটি প্রতিষ্ঠানকে জনগণের কল্যাণে নিয়োজিত করতে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
প্রধানমন্ত্রী আরও বলেন, “আমরা এমন একটি বাংলাদেশ বিনির্মাণ করতে চাই, যেখানে প্রতিটি নাগরিক মর্যাদার সাথে বসবাস করবে এবং বিশ্ব দরবারে বাংলাদেশ মাথা উঁচু করে দাঁড়াবে। এই লক্ষ্য অর্জনে সরকার সুশাসন, ন্যায়বিচার ও অর্থনৈতিক স্বনির্ভরতা নিশ্চিত করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।”
আজ সকালে ঢাকা সেনানিবাসের মাল্টিপারপাস হলে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি এ কথা জানান।
এর আগে ঢাকা সেনানিবাসে শিখা অনির্বাণের বেদিতে পুষ্পস্তবক অর্পণ করে মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী সশস্ত্র বাহিনীর বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
এ সময় সশস্ত্র বাহিনীর একটি চৌকস দল প্রধানমন্ত্রীকে গার্ড অব অনার প্রদান করে। পুষ্পস্তবক অর্পণের সময় শহীদদের স্মরণে বিউগলে করুণ সুর বাজানো হয়। পরে প্রধানমন্ত্রী শিখা অনির্বাণে সংরক্ষিত পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন।
অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, মুক্তিযুদ্ধে বীরোচিত ভূমিকার জন্য কেউ বীরশ্রেষ্ঠ, কেউ বীর উত্তম, বীর বিক্রম কিংবা বীর প্রতীক খেতাবে ভূষিত হয়েছেন। তবে এসব উপাধির চেয়েও গুরুত্বপূর্ণ হলো, একটি জাতির ইতিহাসে স্বাধীনতার জন্য লড়াই করে বিজয়ী হওয়ার গৌরব অর্জন। এক জীবনে সবার পক্ষে এমন গৌরব অর্জন সম্ভব হয় না। সে কারণেই বীর মুক্তিযোদ্ধারা অনন্য ও অসাধারণ।
অনুষ্ঠানে মন্ত্রিপরিষদের সদস্যবৃন্দ, তিন বাহিনীর প্রধানগণ, উচ্চপদস্থ সামরিক ও বেসামরিক কর্মকর্তাসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।






























