গত দুই দিনের বৃষ্টিতে রাজধানী ঢাকার বায়ুদূষণের মাত্রা কিছুটা কমেছে। তবে এখনো অস্বাস্থ্যকর বায়ুর শহরের তালিকায় রয়েছে ঢাকা। ১১৭ স্কোর নিয়ে বিশ্বের দূষিত শহরগুলোর তালিকায় ১৪তম অবস্থানে রয়েছে রাজধানী।
রোববার (২২ নভেম্বর) সকাল সোয়া ৯টায় সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ারের বায়ুমান সূচকে এ তথ্য উঠে এসেছে। সূচক অনুযায়ী, ঢাকার বায়ুর মান ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’।
তালিকার শীর্ষে রয়েছে পাকিস্তানের লাহোর। শহরটির বায়ুমান সূচক ৪৮৯। দ্বিতীয় অবস্থানে ভারতের দিল্লি, স্কোর ২৪১। ১৮৫ স্কোর নিয়ে তৃতীয় অবস্থানে মিশরের কায়রো। চতুর্থ অবস্থানে ভারতের মুম্বাই, স্কোর ১৭৫। আর ১৭০ স্কোর নিয়ে পঞ্চম অবস্থানে রয়েছে পাকিস্তানের করাচি।
আইকিউএয়ারের মানদণ্ড অনুযায়ী, বায়ুমান সূচক শূন্য থেকে ৫০ হলে বায়ুর মান ভালো। ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয়। ১০১ থেকে ১৫০ হলে সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর এবং ১৫১ থেকে ২০০ হলে অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়।
এ ছাড়া ২০১ থেকে ৩০০ স্কোরকে খুবই অস্বাস্থ্যকর এবং ৩০১-এর বেশি স্কোরকে দুর্যোগপূর্ণ হিসেবে বিবেচনা করা হয়।































