আসন্ন ডিসেম্বর মাসকে ঘিরে দেশে বড় ধরনের কোনো নাশকতার আশঙ্কা দেখছে না স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বাহিনীটি মাঠে সক্রিয় রয়েছে বলে জানানো হয়েছে।
আজ রোববার (১৫ নভেম্বর) বিকেলে রাজধানীর কারওয়ান বাজারে এসআরবির মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন সংস্থাটির মুখপাত্র উইং কমান্ডার এম জেড এম ইন্তেখাব চৌধুরী।
সংবাদ সম্মেলনে এসআরবির মুখপাত্র বলেন, ‘ডিসেম্বর ঘিরে এখন পর্যন্ত আমরা বড় ধরনের কোনো নাশকতার শঙ্কা দেখছি না। আমরা মাঠে আছি এবং অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করে যাচ্ছি। দেশবাসীকে আশ্বস্ত করতে চাই, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক থাকবে।’
সাম্প্রতিক বিচ্ছিন্ন ককটেল বিস্ফোরণ ও মোটরসাইকেল ব্যবহার করে নাশকতার ঘটনা প্রসঙ্গে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি জানান, সিসিটিভি ফুটেজ সংগ্রহ ও তথ্য যাচাই-বাছাই করে নাশকতাকারীদের শনাক্ত ও গ্রেপ্তার করা হচ্ছে। অপকর্ম রোধে সন্ধ্যার পর ও রাতে রাজধানীসহ সারাদেশে অস্থায়ী চেকপোস্ট বসিয়ে মোটরসাইকেল আরোহী ও তাদের সঙ্গে থাকা ব্যাগ-জিনিসপত্রে বিশেষ তল্লাশি চালানো হচ্ছে। পাশাপাশি মোবাইল টহল ও ফুট পেট্রোলও জোরদার করা হয়েছে।
খুলনার সাম্প্রতিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উইং কমান্ডার ইন্তেখাব চৌধুরী বলেন, সেখানে কয়েকটি অনাকাঙ্ক্ষিত ঘটনার পরিপ্রেক্ষিতে এসআরবি-৬-এর একাধিক দল ইউনিফর্ম ও সাদাপোশাকে মাঠপর্যায়ে কাজ করছে। ইতিমধ্যে খুলনায় একাধিক সফল অভিযান পরিচালিত হয়েছে।
ব্রিফিংয়ে জানানো হয়, দেশজুড়ে এসআরবির চলমান অভিযানে গত এক সপ্তাহে বিভিন্ন অপরাধে জড়িত ৩৯২ জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর থেকে ৩০০ কেজি গাঁজা এবং খুলনার দৌলতপুর থেকে দুটি বিদেশি পিস্তলসহ এক নারীকে আটক করা হয়।























