| |
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • ভারত-বাংলাদেশ আজ নদী কমিশনের বৈঠক
  • ভারত-বাংলাদেশ আজ নদী কমিশনের বৈঠক

    Icon
    নিজস্ব প্রতিবেদক
    প্রকাশ: ২২ নভেম্বর ২০২৬, ০৮:৩৬ পূর্বাহ্ন

    আজ (রোববার) ঢাকায় অনুষ্ঠিত হচ্ছে বাংলাদেশ ও ভারতের যৌথ নদী কমিশনের (জেআরসি) বৈঠক। এই বৈঠকে দুই দেশের প্রতিনিধিরা গঙ্গা ও পদ্মা নদীর পানি বণ্টন সংক্রান্ত তথ্য ও উপাত্ত বিনিময় করবেন।

    তবে আগামী ১২ ডিসেম্বর মেয়াদ শেষ হতে যাওয়া ঐতিহাসিক গঙ্গা পানি বণ্টন চুক্তির মেয়াদ বাড়ানো কিংবা নতুন চুক্তির বিষয়টি এবারের আলোচনার এজেন্ডায় রাখা হয়নি বলে জানিয়েছে যৌথ নদী কমিশন।

    এর আগে গত ২২ মে ভারতের কলকাতায় গঙ্গার পানি বণ্টনের তথ্য আদান-প্রদানের সর্বশেষ বৈঠক হয়েছিল। ১৯৯৬ সালে স্বাক্ষরিত ৩০ বছর মেয়াদী বিদ্যমান চুক্তির অধীনে এটিই হতে যাচ্ছে দুই দেশের মধ্যকার সর্বশেষ আনুষ্ঠানিক বৈঠক।

    সংশ্লিষ্ট সূত্রের তথ্য অনুযায়ী, উজানে গঙ্গা নদীর ওপর ভারত ২৯টি বাঁধ ও জলবিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করায় শুকনো মৌসুমে বাংলাদেশের মধ্য ও দক্ষিণাঞ্চলে পদ্মা নদী প্রায় জলহীন হয়ে পড়ে। এর ফলে দেশের কৃষি, মৎস্য ও পরিবেশের ওপর নেতিবাচক প্রভাব পড়ছে।

    ১৯৭৭ সালে প্রথমবার বাংলাদেশ ও ভারতের মধ্যে গঙ্গা পানি বণ্টন চুক্তি স্বাক্ষরিত হয়, যেখানে শুকনো মৌসুমে বাংলাদেশের জন্য ৩৪ হাজার ৫০০ কিউসেক পানি পাওয়ার বিধান রাখা হয়েছিল।

    পরবর্তীতে ১৯৯৬ সালে দ্বিতীয় দফায় ৩০ বছর মেয়াদী নতুন চুক্তি হয়। এই চুক্তির শর্ত অনুযায়ী, প্রতি বছর ১১ মার্চ থেকে ১০ মে পর্যন্ত শুকনো মৌসুমে উভয় দেশ ১০ দিন পরপর ৩৫ হাজার কিউসেক পানি পাওয়ার কথা রয়েছে।

    আগামী ১২ ডিসেম্বর ৩০ বছর মেয়াদী এই চুক্তির মেয়াদ আনুষ্ঠানিকভাবে শেষ হচ্ছে। বিশেষজ্ঞদের আশঙ্কা, সাম্প্রতিক সময়ে দুই দেশের মধ্যকার রাজনৈতিক দূরত্ব নতুন চুক্তি বা মেয়াদ নবায়নের প্রক্রিয়ায় প্রভাব ফেলতে পারে।

    এদিকে বাংলাদেশের পক্ষ থেকে দাবি উঠেছে, ভবিষ্যতে বিদ্যমান চুক্তি নবায়ন করা হলেও সেখানে ন্যায্য হিস্যা অনুযায়ী সুনির্দিষ্ট পরিমাণ পানি পাওয়ার নিশ্চয়তা বা ‘গ্যারান্টি ক্লজ’ যুক্ত করতে হবে।

    আরও পড়ুন