| |
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • প্রধানমন্ত্রীর বক্তব্যে ভুলভাবে উপস্থাপন করেছে ভারতীয় গণমাধ্যম
  • পররাষ্ট্র মন্ত্রণালয়

    প্রধানমন্ত্রীর বক্তব্যে ভুলভাবে উপস্থাপন করেছে ভারতীয় গণমাধ্যম

    Icon
    কূটনৈতিক প্রতিবেদক
    প্রকাশ: ২২ নভেম্বর ২০২৬, ০১:৩৯ অপরাহ্ন

    প্রধানমন্ত্রী তারেক রহমানের লালমনিরহাটে দেওয়া বক্তব্যে সুনির্দিষ্ট কোনো দেশের নাম উল্লেখ করা হয়নি বলে স্পষ্ট করেছে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়। একই সঙ্গে প্রধানমন্ত্রীর ওই মন্তব্য কিছু ভারতীয় গণমাধ্যম বিকৃতভাবে উপস্থাপন করেছে বলেও মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে।

    রোববার (২২ নভেম্বর) এ বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র গণমাধ্যমকে বলেছেন, ‘প্রধানমন্ত্রী কোনো দেশের নাম উল্লেখ করেননি। তাই ভারতের কয়েকটি গণমাধ্যম তার বক্তব্য ভুলভাবে উপস্থাপন করেছে।

    পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, ‘আওয়ামী ফ্যাসিস্ট সন্ত্রাসীরা’ বিভিন্ন মহাদেশে বেপরোয়াভাবে তৎপরতা চালাচ্ছে। নিরীহ মানুষের ওপর তাদের চালানো গুরুতর সহিংসতা গোটা বিশ্ব প্রত্যক্ষ করেছে।

    তিনি আরও বলেন, তারা নিজেদের সন্ত্রাসী কর্মকাণ্ড বিশ্বব্যাপী ছড়িয়ে দিচ্ছে এবং বিভিন্ন দেশে গুরুতর নিরাপত্তা সমস্যার সৃষ্টি করছে। তাদের নৃশংস কর্মকাণ্ড বিদেশে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ন করছে।

    প্রবাসী বাংলাদেশিদেরও নেতিবাচকভাবে উপস্থাপনের মাধ্যমে ক্ষতিগ্রস্ত করছে। এই বিপদ আরও বিস্তৃত হওয়ার আগেই তা নির্মূলে সব দেশের দায়িত্ব রয়েছে।

    এর আগে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল এক নিয়মিত ব্রিফিংয়ে বাংলাদেশের সাম্প্রতিক পরিস্থিতি ও প্রধানমন্ত্রীর মন্তব্যের প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে জানান, বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় নিয়ে মন্তব্য করা থেকে বিরত থাকতে চায় নয়াদিল্লি। সে সময় তিনি বাংলাদেশের সঙ্গে ইতিবাচক, গঠনমূলক ও ভবিষ্যৎমুখী সম্পর্ক বজায় রাখার বিষয়ে ভারতের অবস্থানের কথাও পুনর্ব্যক্ত করেন।

    বাংলাদেশের প্রধানমন্ত্রীর বক্তব্য নিয়ে এক সাংবাদিকের প্রশ্নের জবাবে তিনি বলেন, বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে মন্তব্য করতে চায় না ভারত।

    এর আগে গত বৃহস্পতিবার লালমনিরহাটে এক জনসভায় প্রধানমন্ত্রী তারেক রহমান দেশবাসীকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। তিনি বলেন, ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ আবারও অগ্নিসংযোগ ও সহিংসতার রাজনীতি শুরু করেছে। এর বিরুদ্ধে ২০২৪ সালের মতো ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তুলতে হবে।

    প্রধানমন্ত্রী বলেন, ১৬ বছর জোর করে দেশ শাসনের পর সীমান্ত পেরিয়ে পালিয়ে যাওয়া একটি ‘সন্ত্রাসী গোষ্ঠী’ আবারও দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করেছে।

    তিনি বলেন, গত কয়েক দিনে তারা যেসব কর্মকাণ্ড চালিয়েছে, তা সবাই দেখেছেন। দেশ ছেড়ে পালিয়েও তারা অগ্নিসংযোগ ও মানুষ হত্যার রাজনীতিতে ফিরে এসেছে। পেছন থেকে হামলা চালিয়ে মানুষ হত্যা করছে।

    লালমনিরহাট সদর উপজেলায় মহেন্দ্রনগর মডেল খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন শেষে জেলা বিএনপি আয়োজিত জনসভায় এসব কথা বলেন প্রধানমন্ত্রী।

    কূটনৈতিক মহল মনে করছে, প্রধানমন্ত্রীর বক্তব্যের প্রেক্ষাপট ও শব্দচয়ন নিয়ে বিভ্রান্তি দূর করতেই পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে বিষয়টি স্পষ্ট করা হয়েছে।

    আরও পড়ুন