বিদেশে যাওয়ার সুযোগ থাকলেও দেশেই চিকিৎসা নিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। হৃদ্যন্ত্রে তিনটি ব্লক ধরা পড়ার পর রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে তাঁর হার্টে সফলভাবে দুটি রিং (স্টেন্ট) পরানো হয়েছে।
আজ রোববার (১৫ নভেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে রাজধানীর কন্টিনেন্টাল হসপিটালে তাঁর হৃদ্যন্ত্রের ব্লক দূর করার এই চিকিৎসা কার্যক্রম সম্পন্ন হয়। দেশের প্রখ্যাত হৃদরোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডা. এন এ এম মোমেনুজ্জামানের নেতৃত্বে একদল চিকিৎসক সফলভাবে এই প্রক্রিয়া সম্পন্ন করেন।
স্বাস্থ্য মন্ত্রণালয় ও হাসপাতাল সূত্রে জানা গেছে, এর আগে শনিবার (১৪ নভেম্বর) একই হাসপাতালে স্বাস্থ্যমন্ত্রীর এনজিওগ্রাম করা হলে তাঁর হৃদ্যন্ত্রের তিনটি স্থানে ব্লক শনাক্ত হয়।
পরবর্তীতে চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী রোববার দুটি ব্লকে রিং পরানো হয়। এ ছাড়া অপর ব্লকটিতে ডাইলেশন বা বেলুনের মাধ্যমে রক্তনালি প্রসারিত করার পদ্ধতিতে (বেলুনিং) চিকিৎসা দেওয়া হয়েছে।
চিকিৎসা শেষে মন্ত্রীকে আগামী ২৪ ঘণ্টা চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, উন্নত চিকিৎসার জন্য দেশের বাইরে যাওয়ার বিকল্প খোলা থাকলেও দেশের চিকিৎসা ব্যবস্থার ওপর আস্থা রেখে তিনি দেশেই চিকিৎসা গ্রহণের সিদ্ধান্ত নেন।























