জুলাই গণ-অভ্যুত্থানের সময় ঢাকার সাভারে পুলিশের সাঁজোয়া যান (এপিসি) থেকে ফেলে এমআইএসটি শিক্ষার্থী শাইখ আসহাবুল ইয়ামিনকে হত্যার ঘটনায় দায়ের করা মানবতাবিরোধী অপরাধের মামলায় ১৯ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। একই সঙ্গে আসামিদের বিরুদ্ধে আনুষ্ঠানিক বিচার শুরুর আদেশ দিয়েছেন আদালত।
রোববার (২২ নভেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন বিচারিক প্যানেল এই আদেশ দেন। ট্রাইব্যুনাল আগামী ১৪ ডিসেম্বর মামলার সূচনা বক্তব্য উপস্থাপন ও সাক্ষ্যগ্রহণের দিন ধার্য করেছেন।
মামলার উল্লেখযোগ্য আসামিদের মধ্যে রয়েছেন—সাভারের সাবেক সংসদ সদস্য সাইফুল ইসলাম, সাবেক ডিআইজি সৈয়দ নুরুল ইসলাম এবং সাবেক অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহ হিল কাফি। এদিন মামলায় গ্রেপ্তার থাকা ছয় আসামিকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। এর আগে চলতি বছরের ২৬ জুলাই আসামিদের বিরুদ্ধে আনা অভিযোগ আমলে নিয়েছিলেন ট্রাইব্যুনাল।
মামলার অভিযোগপত্র অনুযায়ী, ২০২৪ সালের ১৮ জুলাই সাভার বাজার বাসস্ট্যান্ড এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে পুলিশ ও আওয়ামী লীগ নেতাকর্মীরা আন্দোলনকারীদের ওপর হামলা চালান। এ সময় মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির (এমআইএসটি) কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী আসহাবুল ইয়ামিনকে ধরে পুলিশের একটি সাঁজোয়া যানের কাছে নিয়ে যাওয়া হয় এবং তাঁর বুকের বাঁ পাশে গুলি করা হয়।
গুলিবিদ্ধ ও মুমূর্ষু অবস্থায় ইয়ামিনকে টেনে সাঁজোয়া যানের ওপরে তুলে রাখা হয়। আন্দোলনরত ছাত্র-জনতাকে ভীতি প্রদর্শনের উদ্দেশ্যে ওই অবস্থায় গাড়িটি বিভিন্ন স্থানে ঘোরানো হয় এবং একপর্যায়ে প্রায় মৃত অবস্থায় তাঁকে সড়কে ফেলে দেওয়া হয়। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ওই পুলিশ সদস্য ইয়ামিনকে মৃত ভেবে পায়ে গুলি না করে রাস্তার ওপরের একপ্রান্ত থেকে অপর প্রান্তে টেনে নিয়ে সড়ক বিভাজনের পাশে ফেলে দেন। গুলিবিদ্ধ ইয়ামিনকে তখনও নিশ্বাস নিতে দেখা যায়। পরে তাকে স্থানীয়রা উদ্ধার করে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহত আসহাবুল ইয়ামিন এমআইএসটির কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী ছিলেন।
এ মামলায় মোট আসামি ১৯ জন। যে ছয়জনকে কারাগারে পাঠানো হয়েছে তারা হলেন- ঢাকা জেলার সাবেক অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. আব্দুল্লাহিল কাফী, সাবেক অতিরিক্ত পুলিশ সুপার (সাভার সার্কেল) মো. শাহিদুল ইসলাম, সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মোহাম্মদ আলী, নায়েক সুহেল মিয়া, কনস্টেবল মাহফুজ মিয়া ও মিজানুর রহমান।
পলাতক আসামিরা হলেন ঢাকা-১৬ আসনের সাবেক সংসদ সদস্য সাইফুল ইসলাম, ঢাকা রেঞ্জের সাবেক ডিআইজি সৈয়দ নুরুল ইসলাম, সাবেক পুলিশ সুপার আসাদুজ্জামান রিপন, সাভার থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহজামান, আশুলিয়া থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএফএম সায়েদ, সাভার উপজেলার সাবেক চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজিব, মো. আতিকুর রহমান, ফখরুল আলম সমর, মেহেদী হাসান তুষার, রাজু আহম্মেদ, মো. ফরিদ, জামান খান ও শরীফ আশরাফুল আলম বাবুল।

























