রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অভিযানে গত ২৪ ঘণ্টায় ৩৩৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে বিভিন্ন অপরাধে ৩৬টি মামলা দায়ের করেছে পুলিশ।
আজ রোববার (২২ নভেম্বর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তি অনুযায়ী, শনিবার (২১ নভেম্বর) রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
ডিএমপির তথ্যমতে, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে সবচেয়ে বেশি ৬৯ জনকে মিরপুর বিভাগ থেকে আটক করা হয়েছে। এ ছাড়া তেজগাঁও বিভাগে ৫৫ জন, ওয়ারী বিভাগে ৫৩ জন, মতিঝিল বিভাগে ৩৭ জন, গুলশান বিভাগে ৩৫ জন, উত্তরা বিভাগে ৩৩ জন, রমনা বিভাগে ২৭ জন এবং লালবাগ বিভাগে ২৬ জন গ্রেপ্তার হয়েছেন।
অভিযানকালে ১৫৪ পিস ইয়াবা, ৫ কেজি গাঁজা, নগদ ১ হাজার ১৫৫ টাকা এবং আটটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। পাশাপাশি একজন ভিকটিমকেও উদ্ধার করেছে পুলিশ।
গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে ডিএমপি।

























