টানা দরপতনের ধারাবাহিকতায় দেশের বাজারে আবারও কমেছে সোনার দাম। প্রতি ভরিতে ৬ হাজার ১৮২ টাকা কমিয়ে ২২ ক্যারেটের এক ভরি সোনার নতুন দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৯৪ হাজার ৯৬৪ টাকা। এর ফলে দীর্ঘ ১৩ মাস বা এক বছরের বেশি সময় পর দেশের বাজারে সোনার ভরি ২ লাখ টাকার নিচে নামলো।
শনিবার (২১ নভেম্বর) রাতে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের (বাজুস) স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিংয়ের চেয়ারম্যান ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। নতুন এই দর আজ রোববার (২২ নভেম্বর) থেকে সারাদেশে কার্যকর হয়েছে।
বাজুস জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবি সোনার (পিওর গোল্ড) মূল্য কমায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় সোনার নতুন দাম সমন্বয় করা হয়েছে। মূলত বিশ্ববাজারে সোনার দাম কমে যাওয়ার প্রভাবেই দেশের বাজারে এই দরপতন। এ নিয়ে গত দুই সপ্তাহে টানা ৯ দফায় ২২ ক্যারেট সোনার দাম ভরিতে কমেছে প্রায় ৩৪ হাজার ৭০০ টাকা।
সোনার নতুন বাজারদর (প্রতি ভরি):
২২ ক্যারেট: ১ লাখ ৯৪ হাজার ৯৬৪ টাকা (কমেছে ৬,১৮২ টাকা)
২১ ক্যারেট: ১ লাখ ৮৬ হাজার ২১৬ টাকা (কমেছে ৫,৮৯০ টাকা)
১৮ ক্যারেট: ১ লাখ ৫৯ হাজার ৯৭২ টাকা (কমেছে ৫,০১৫ টাকা)
সনাতন পদ্ধতি: ১ লাখ ৩০ হাজার ৩৪৫ টাকা (কমেছে ৪,৪৯১ টাকা)
সর্বশেষ ২০২৫ সালের অক্টোবরে ২২ ক্যারেট সোনার ভরি ২ লাখ টাকার নিচে ছিল। এরপর টানা বাড়তে বাড়তে চলতি বছরের জানুয়ারিতে সোনার ভরি সর্বোচ্চ ২ লাখ ৮৬ হাজার টাকা ছাড়িয়েছিল।

























