দেশে সেপ্টেম্বর ও অক্টোবরের সম্ভাব্য ডেঙ্গু সংক্রমণ রোধে তিন মাসব্যাপী বিশেষ পরিষ্কার-পরিচ্ছন্নতা ও জনসচেতনতামূলক কর্মসূchic ঘোষণা করেছে সরকার। এ কর্মসূচি বাস্তবায়নে ও ডেঙ্গু মোকাবিলায় সারা দেশের সিভিল সার্জনদের প্রস্তুতি জোরদারসহ একগুচ্ছ দিকনির্দেশনা দেওয়া হয়েছে।
আগামী ১২ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী এ বিশেষ সচেতনতামূলক কর্মসূচির উদ্বোধন করবেন। এর আওতায় প্রতি শনিবার বিশেষ পরিচ্ছন্নতা অভিযান ও এডিস মশার লার্ভা শনাক্তে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হবে। এছাড়া স্থানীয় সরকার বিভাগের অধীনে একটি উচ্চপর্যায়ের টাস্কফোর্স গঠন করা হয়েছে, যা মাঠ পর্যায়ে কার্যক্রম তদারকি করবে। এ কার্যক্রমে স্কাউট, বিএনসিসি, গার্ল গাইডস, রেড ক্রিসেন্ট ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের সম্পৃক্ত করা হচ্ছে।
ডেঙ্গু রোগীদের দ্রুত সেবাদানে উপজেলা হাসপাতালগুলোতে ‘ডেঙ্গু কর্নার’ স্থাপন করা হয়েছে এবং ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে একটি ফিল্ড হাসপাতাল প্রস্তুত রাখা হয়েছে। সরকারি হাসপাতালে ডেঙ্গু পরীক্ষা সম্পূর্ণ বিনামূল্যে করা হচ্ছে। পাশাপাশি বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে ডেঙ্গু নির্ণয় পরীক্ষায় নির্দেশিত ছাড় প্রদান করা হয়েছে।
হাসপাতালগুলোতে স্যালাইন, প্রয়োজনীয় ওষুধ ও কিট সরবরাহ পর্যাপ্ত রাখতে এবং ঘাটতি হলে নিজস্ব তহবিল থেকে জরুরি ক্রয়ের নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া মসজিদ ও বিদ্যালয়ের সমন্বয়ে সচেতনতা সৃষ্টির পাশাপাশি দেশের সচেতন নাগরিকদের নিজ নিজ কর্মস্থল ও বাসাবাড়ির চারপাশ পরিষ্কার রাখার আহ্বান জানানো হয়েছে।































