| |
  • প্রচ্ছদ
  • সিলেট
  • একটি রাজনৈতিক দল সশস্ত্র মহড়ার প্রস্তুতি নিচ্ছে
  • বিএনপি নেতাদের দাবি

    একটি রাজনৈতিক দল সশস্ত্র মহড়ার প্রস্তুতি নিচ্ছে

    Icon
    জেলা প্রতিবেদক
    প্রকাশ: ৭ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:২৪ অপরাহ্ন

    আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে একটি দল সিলেটে ভোটকেন্দ্র দখলের প্রস্তুতি নিচ্ছে বলে অভিযোগ করেছেন সিলেট জেলা ও মহানগর বিএনপির নেতারা। শনিবার (৭ ফেব্রুয়ারি) দুপুর ১টায় সিলেট-১ আসনের প্রার্থীর নির্বাচনী কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব অভিযোগ তুলে ধরেন তারা।

    বিএনপি নেতাদের দাবি, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে প্রভাবিত করতে একটি বিশেষ রাজনৈতিক দল নগর ও সদর উপজেলার কয়েকটি কেন্দ্রে বেআইনিভাবে প্রভাব বিস্তার এবং সশস্ত্র মহড়ার প্রস্তুতি নিচ্ছে। তারা ছবি সংযুক্ত ভোটার তালিকা হাতে নিয়ে ভোটারদের প্রভাবিত করছে, যে তালিকা নির্বাচন কমিশনের হেফাজতে থাকার কথা।

    এ বিষয়ে তথ্য-প্রমাণসহ রিটার্নিং কর্মকর্তার কাছে অভিযোগ দেওয়া হয়েছে বলে জানান তারা। সংবাদ সম্মেলনে সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী বলেন, সিলেটের বিভিন্ন আসনের প্রার্থীদের নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমসহ নানা মাধ্যমে উদ্দেশ্যপ্রণোদিত গুজব ছড়ানো হচ্ছে।

    তিনি অভিযোগ করেন, নির্বাচনী প্রচারণায় শিশু-কিশোরদের ব্যবহার করা হচ্ছে এবং প্রকাশ্য জনসভায় ধর্মকে কাজে লাগিয়ে বেহেশতের প্রলোভন দেখিয়ে ভোট প্রার্থনা করা হচ্ছে, যা স্পষ্টভাবে নির্বাচনী আচরণবিধির লঙ্ঘন।

    তিনি আরও বলেন, একটি বিশেষ রাজনৈতিক দল নগরী ও সদর উপজেলার একাধিক কেন্দ্রে নিজেদের পক্ষে ফল নিশ্চিত করতে কেন্দ্র দখলের প্রস্তুতি নিচ্ছে বলে বিএনপি জানতে পেরেছে। যেসব কেন্দ্রে বেআইনিভাবে প্রভাব বিস্তার ও সশস্ত্র মহড়ার মাধ্যমে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা হতে পারে, সেসব কেন্দ্রের তালিকা প্রশাসনের কাছে দেওয়া হয়েছে বলেও জানান তিনি।

    সংবাদ সম্মেলনে আরও অভিযোগ করা হয়, প্রতিপক্ষ রাজনৈতিক দলের প্রার্থী ব্যাপকভাবে অর্থের মাধ্যমে ভোট কেনার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। এ সংক্রান্ত প্রমাণ জেলা রিটার্নিং কর্মকর্তার কাছে জমা দেওয়া হয়েছে বলে বিএনপি নেতারা দাবি করেন। পাশাপাশি একটি মহল দেশকে অস্থিতিশীল করতে নির্বাচন বানচালের চেষ্টা করছে এবং এ লক্ষ্যে কিছু ভোটারকে হুমকি ও ভয়ভীতি দেখানো হচ্ছে বলেও অভিযোগ তোলা হয়।

    সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী, বিএনপির কেন্দ্রীয় ক্ষুদ্রঋণ ও কুটির শিল্প বিষয়ক সহ-সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক, সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী, মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক বদরুজ্জামান সেলিম, আব্দুল কাইয়ুম জালালী পংকি, জেলা বিএনপির যুগ্ম সম্পাদক সিদ্দিকুর রহমান পাপলু, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আব্দুল আহাদ খান জামালসহ জেলা ও মহানগর বিএনপি এবং বিভিন্ন ওয়ার্ডের নেতাকর্মীরা।

    আরও পড়ুন