| |
  • প্রচ্ছদ
  • বিশ্ব
  • যুক্তরাষ্ট্রের সমালোচনা করে দুঃখ প্রকাশ করেছে ফ্রান্স
  • যুক্তরাষ্ট্রের সমালোচনা করে দুঃখ প্রকাশ করেছে ফ্রান্স

    Icon
    আন্তর্জাতিক ডেস্ক
    প্রকাশ: ১৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:২১ পূর্বাহ্ন

    মানবাধিকার ইস্যুতে যুক্তরাষ্ট্রের সমালোচনা করে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া একটি পোস্টের জন্য দুঃখ প্রকাশ করেছে ফ্রান্স। জাতিসংঘে ফ্রান্সের স্থায়ী মিশন বিষয়টি নিশ্চিত করেছে। সম্প্রতি জাতিসংঘে মানবাধিকারবিষয়ক হাইকমিশনার ফলকার টুর্কের মেয়াদ বাড়ানোর বিপক্ষে রাশিয়া ও উত্তর কোরিয়াসহ কয়েকটি দেশ ভোট দেয়। যুক্তরাষ্ট্রও তাদের সঙ্গে ভোট দেয়।

    এ ঘটনায় গত জুলাইয়ের শেষ দিকে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে যুক্তরাষ্ট্রের সমালোচনা করে একটি পোস্ট দেয় ফ্রান্সের মিশন। পোস্টটি নিয়ে ক্ষুব্ধ হয় ওয়াশিংটন। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছায় যে, জাতিসংঘ নিরাপত্তা পরিষদের একটি বৈঠকে ফ্রান্স বক্তব্য দেওয়ার সময় যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরা সভা থেকে বেরিয়ে যান।

    বিভিন্ন সূত্রের বরাতে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, ওই পোস্টের প্রতিক্রিয়ায় ওয়াশিংটনে ফ্রান্সের পরবর্তী রাষ্ট্রদূত হিসেবে মনোনীত প্রার্থীর নিয়োগ আটকে দেওয়ার বিষয়টিও বিবেচনা করেছিল যুক্তরাষ্ট্র সরকার।

    এর পরিপ্রেক্ষিতে দুঃখ প্রকাশ করে এক বিবৃতিতে জাতিসংঘে ফ্রান্সের স্থায়ী মিশন বলেছে, ‘জেনেভায় জাতিসংঘের কাছে ফ্রান্সের স্থায়ী মিশন ২৫ জুলাই এক্সে মানবাধিকারের প্রতি যুক্তরাষ্ট্রের প্রতিশ্রুতি নিয়ে প্রশ্ন তুলে প্রকাশ করা সেই বার্তার জন্য দুঃখ প্রকাশ করছে।’

    বিবৃতিতে আরও বলা হয়, দুই দেশের মতপার্থক্য ছিল ‘নির্দিষ্ট একটি ভোটকে কেন্দ্র করে, মানবাধিকার রক্ষার বিষয় নিয়ে নয়।’ এ বিষয়ে ফ্রান্সের পররাষ্ট্র মন্ত্রণালয় আর কোনো মন্তব্য করতে রাজি হয়নি।

    তবে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের এক কর্মকর্তা রয়টার্সকে বলেন, ‘আমরা ফ্রান্সের বিবৃতিটি লক্ষ্য করেছি এবং এর প্রশংসা করছি। অভিন্ন মূল্যবোধ ও স্বার্থ সমুন্নত রাখতে আমরা তাদের সঙ্গে মিলে কাজ করার আশা রাখি।’

    এদিকে ফ্রান্সের দৈনিক ল্য মঁদ এক প্রতিবেদনে জানিয়েছে, দুঃখ প্রকাশের ফলে ওয়াশিংটনে ফ্রান্সের মনোনীত পরবর্তী রাষ্ট্রদূত অরেলিয়েঁ লেশেভালিয়ের নিয়োগ অনুমোদনের পথ প্রশস্ত হতে পারে।

    ফ্রান্স সেপ্টেম্বরের মধ্যেই তাকে ওয়াশিংটনে পাঠাতে চেয়েছিল। তবে ২৫ জুলাই এক্সে ওই পোস্ট দেওয়ার পর থেকে তার নিয়োগ-প্রক্রিয়া আর এগোয়নি।

    সূত্র: ডয়েচে ভেলে

    আরও পড়ুন