সিলেটে হযরত শাহজালাল (রহ.) এর মাজার জিয়ারত করলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মাজার জিয়ারত শেষে তিনি দেশ ও জাতির কল্যাণে বিশেষ মোনাজাতে অংশ নেন। এসময় তিনি মাজার এলাকায় বেশ কিছু সময় অবস্থান করেন।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে সিলেট সার্কিট হাউজ থেকে তিনি মাজার এলাকায় পৌঁছান। সেসময় রাস্তার দুপাশে দাঁড়িয়ে দলীয় নেতাকর্মী ও অসংখ্য মানুষ রাষ্ট্রপতিকে অভ্যর্থনা জানান। এরপর তিনি হযরত শাহপরান (রহ.) এর মাজার জিয়ারতের উদ্দেশে রওনা দেন।
এদিন সকাল ১১টা ২৮ মিনিটে ইউএস বাংলার একটি ফ্লাইটে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান রাষ্ট্রপতি। সেখান থেকে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে রাষ্ট্রপতির গাড়িবহর বিমানবন্দর থেকে সার্কিট হাউজে যায়। বেলা ১২টার দিকে সার্কিট হাউস প্রাঙ্গণে তাকে গার্ড অব অনার দেওয়া হয়।
বিমানবন্দরে রাষ্ট্রপতিকে স্বাগত জানান বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী, সিলেটের বিভিন্ন সংসদীয় আসনের সদস্যবৃন্দ, সিলেট জেলা বিএনপির সভাপতি ও সিসিক প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী, সাধারণ সম্পাদক ও সংসদ সদস্য এমরান আহমদ চৌধুরী, সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন, সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী, সিলেটের জেলা প্রশাসকসহ রাজনৈতিক নেতৃবৃন্দ ও প্রশাসনের উচ্চ পর্যায়ের কর্মকর্তাবৃন্দ।
দুপুর ১টা ২৫ মিনিটে শাহপরান (রহ.) মাজার জিয়ারত শেষে মধ্যাহ্ন বিরতির পর বিকেল ৩টা ৩০ মিনিটে সিলেট সিটি করপোরেশনের উদ্যোগে নগর ভবনের সামনে আয়োজিত নাগরিক সংবর্ধনায় অংশ নেবেন।
সফর শেষে রাত ৮টায় ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে রওনা দেওয়ার কথা রয়েছে।































