স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন দেশের প্রতিটি সরকারি হাসপাতালকে দালালমুক্ত করার ঘোষণা দিয়েছেন। সরকারি হাসপাতালে দালালদের দৌরাত্ম্য বন্ধে র্যাব ও ডিজিএফআই যৌথভাবে কাজ করছে। রোগীদের প্রলোভন দেখিয়ে বেসরকারি ক্লিনিকে নিয়ে যাওয়া চক্রকে গ্রেপ্তারে অভিযান জোরদার করা হয়েছে।
ভুয়া চিকিৎসক, অপ্রশিক্ষিত টেকনিশিয়ান ও অবৈধ ক্লিনিকের বিরুদ্ধে জেলা প্রশাসক ও সিভিল সার্জনদের নেতৃত্বে নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনা করা হচ্ছে। এ বিষয়ে দৃশ্যমান পরিবর্তনের জন্য মন্ত্রী অন্তত ৬ মাস সময় চেয়েছেন।
হাসপাতালে চিকিৎসকদের সময়মতো উপস্থিতি নিশ্চিতের নির্দেশনা দেওয়া হয়েছে। পরিদর্শনের পর হাসপাতালগুলোর খাবারের মান ও সেবার পরিবেশ উন্নত হয়েছে বলে জানান তিনি। বাদ পড়া শিশুদের সুরক্ষা নিশ্চিত করতে চলতি মাসের শেষদিকে দেশব্যাপী আবার বিশেষ টিকাদান ক্যাম্পেইন শুরু হবে। হাওরাঞ্চলসহ অন্যান্য জায়গায় বিশেষ গুরুত্ব দিয়ে কাজ চলছে।
সিলেটের ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ড্রেনেজ ও পরিচ্ছন্নতা সংক্রান্ত সমস্যা আগামী ৭ দিনের মধ্যে সমাধানের নির্দেশ দেওয়া হয়েছে। বর্তমানে দেশে প্রতি ১১ থেকে ১২ হাজার মানুষের বিপরীতে মাত্র ১ জন চিকিৎসক বা নার্স সেবা দিচ্ছেন। এই সীমাবদ্ধতার মধ্যেও স্বাস্থ্যকর্মীরা নিরবচ্ছিন্ন সেবা দিয়ে যাচ্ছেন।
শুক্রবার সিলেটে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালসহ একাধিক স্বাস্থ্যকেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের সাথে আলাপে স্বাস্থ্যমন্ত্রী এসব কথা জানান।


























