চট্টগ্রামের হাটহাজারী ফিল্ড ফায়ারিং রেঞ্জে ট্যাংক ফায়ারিং অনুশীলনের সময় গোলা বিস্ফোরণে শহীদ দুই সেনাসদস্যের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সকালে তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে শহীদ পরিবারের সদস্যদের হাতে আর্থিক সহায়তার চেক তুলে দেন তিনি।
সাক্ষাৎকালে প্রধানমন্ত্রী শহীদদের পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান এবং সরকারের পক্ষ থেকে সর্বাত্মক সহায়তার আশ্বাস দেন। তিনি বলেন, “দেশের জন্য দায়িত্ব পালন করতে গিয়ে আমাদের সেনাসদস্যরা প্রাণ দিয়েছেন।
তাঁদের এই আত্মত্যাগ জাতি চিরকাল গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। শোকসন্তপ্ত এই সময়ে সরকার এবং সেনাবাহিনী সর্বদা আপনাদের পাশে থাকবে। ”অনুষ্ঠানে সেনাসদস্যদের পরিবারের আবাসনের জন্য স্থায়ী ঠিকানায় একটি করে বাড়ি নির্মাণ, স্ত্রীদের চাকরির ব্যবস্থা এবং সন্তানদের জন্য মাসিক ভাতা প্রদানের ঘোষণা দেওয়া হয়।
এ সময় প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান, সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানসহ ঊর্ধ্বতন সেনা কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত ৯ সেপ্টেম্বর হাটহাজারীতে ফায়ারিং অনুশীলনের সময় মর্মান্তিক গোলা বিস্ফোরণে সৈনিক (অপারেটর) আবু বকর সিদ্দিক এবং সৈনিক (গানার) মো. তাসনিম রিফায়াত শহীদ হন। প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই সাক্ষাতে উভয় শহীদের স্ত্রী, শিশু সন্তান ও পিতা-মাতারা উপস্থিত ছিলেন।





























