| |
  • প্রচ্ছদ
  • লীড-২
  • খরচ ছাড়াই ১০ হাজার কর্মীকে মালয়েশিয়া পাঠানোর উদ্যোগ
  • প্রবাসীকল্যাণমন্ত্রী

    খরচ ছাড়াই ১০ হাজার কর্মীকে মালয়েশিয়া পাঠানোর উদ্যোগ

    Icon
    জেলা প্রতিবেদক
    প্রকাশ: ২৬ আগস্ট ২০২৬, ১২:০৬ অপরাহ্ন

    সরকারিভাবে কোনো খরচ ছাড়াই ১০ হাজার দক্ষ কর্মীকে মালয়েশিয়ায় পাঠানোর বড় উদ্যোগ নিয়েছে সরকার। নিরাপদ অভিবাসন নিশ্চিতকরণ এবং অবৈধ উপায়ে বিদেশ যাত্রা ঠেকাতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

    মঙ্গলবার সুনামগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন আয়োজিত ‘নিরাপদ অভিবাসন ও অবৈধ পথে বিদেশ গমন প্রতিরোধ’ সংক্রান্ত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী এসব তথ্য জানান।

    সভায় প্রবাসী কল্যাণমন্ত্রী বলেন, শুধু বিদেশে কর্মী পাঠালেই হবে না, তাদের কারিগরি দক্ষতা ও ভাষাগত যোগ্যতা অর্জন করা জরুরি। বিদেশগামী কর্মীদের ইংরেজি, আরবি, জাপানি, চীনা ও কোরিয়ান ভাষায় প্রশিক্ষণ নেওয়ার আহ্বান জানান তিনি।

    দক্ষ মানবসম্পদ তৈরিতে জেলা পর্যায়ে প্রশিক্ষণ কেন্দ্র গড়ে তোলার পরিকল্পনার কথা উল্লেখ করে মন্ত্রী জানান, প্রয়োজনীয় দক্ষতা অর্জনের পরই কেবল বৈধ ও নিরাপদ প্রক্রিয়ায় কর্মীদের প্রবাসে যাওয়া উচিত।

    এছাড়া অনুষ্ঠানে অবৈধ উপায়ে সাগরপথে বিদেশযাত্রার দালালচক্রের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেওয়া হয়। সংশ্লিষ্ট অপরাধীদের দ্রুত আইনের আওতায় আনতে পুলিশ ও স্থানীয় প্রশাসনকে তথ্য সংগ্রহের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হয়েছে।

    মতবিনিময় সভায় সিলেট বিভাগীয় ও সুনামগঞ্জ জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা, পুলিশ প্রশাসন এবং সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

    আরও পড়ুন