সিলেটের ওসমানীনগরে মহাসড়কে মশাল মিছিলের চেষ্টাকালে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের তিন কর্মীকে আটক করেছে পুলিশ। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) রাত পৌনে ১০টার দিকে উপজেলার দয়ামীর ইউনিয়নের কাশিকাপন তেরমাইল নামক স্থানে ঢাকা-সিলেট মহাসড়কে মিছিলের চেষ্টাকালে তাদের আটক করা হয়।
আটক তিনজন হলেন- সিলেট সদর উপজেলার টুকেরবাজার (বানাগাঁও) এলাকার কামরুল হাসান সাগরের ছেলে সাব্বির আহমেদ বিপ্লব (২৬), সিলেট নগরের শেখঘাট এলাকার আব্দুল হামিদের ছেলে নাহিদ হাসান (২১) এবং জেলার দক্ষিণ সুরমা উপজেলার শিববাড়ী পৈতপাড়ার সুরেশ পালের ছেলে হৃদয় পাল (২০)।
পুলিশ জানায়, মশাল মিছিলের প্রস্তুতিকালে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আলামতসহ তাদের আটক করা হয়। আটক যুবকদের তথ্যের ভিত্তিতে পলাতকদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। সিলেটের সহকারী পুলিশ সুপার (মিডিয়া) মো. সম্রাট তালুকদার স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তি থেকে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।
আটক তিনজনের ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।


























