| |
  • প্রচ্ছদ
  • বিশ্ব
  • কঙ্গোতে বিমান দুর্ঘটনায় নিহত ১৪
  • কঙ্গোতে বিমান দুর্ঘটনায় নিহত ১৪

    Icon
    আন্তর্জাতিক ডেস্ক
    প্রকাশ: ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩০ পূর্বাহ্ন

    মধ্য আফ্রিকার দেশ ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোতে (ডিআরসি) একটি সামরিক বিমান বিধ্বস্ত হয়ে দুই জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তাসহ অন্তত ১৪ জন নিহত হয়েছেন।

    নিহতদের মধ্যে কঙ্গোর সামরিক আদালতের প্রধান লেফটেন্যান্ট জেনারেল মুতোম্বো কাতালাইয়ে তিয়েন্দে এবং সশস্ত্র বাহিনীর অডিটর জেনারেল লেফটেন্যান্ট জেনারেল বাকুমি লিকুলিয়া রয়েছেন।

    কঙ্গোলিজ সামরিক বাহিনীর মুখপাত্র মেজর জেনারেল এফোমি একেঙ্গে ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় কিকউইট শহর থেকে প্রতিনিধিদল নিয়ে রাজধানী কিনশাসার উদ্দেশ্যে রওনা দিয়েছিল বিমানটি।

    পথিমধ্যে কারিগরি ত্রুটি দেখা দিলে কেনজে এলাকায় বিমানটি বিধ্বস্ত হয়। এতে বিমানে থাকা দুই জেনারেল, প্রতিনিধিদলের সদস্য, ক্রু এবং কয়েকজন বেসামরিক নাগরিকসহ ১৪ জনের সবাই প্রাণ হারান।

    দুর্ঘটনার পর বিমানটিতে আগুন ধরে যাওয়ায় অধিকাংশ মরদেহ চেনা দায় হয়ে পড়েছে। তবে বিমানের ধ্বংসাবশেষের বাইরে থেকে পাইলটের মরদেহ উদ্ধার করা হয়েছে।

    দুর্ঘটনার মূল কারণ অনুসন্ধানে ইতোমধ্যে উচ্চপর্যায়ের তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছে দেশটির সামরিক কর্তৃপক্ষ ও বেসামরিক বিমান চলাচল বিভাগ।

    উল্লেখ্য, দেশের পূর্বাঞ্চলে বিদ্রোহী গোষ্ঠীগুলোর বিরুদ্ধে কঙ্গো সেনাবাহিনীর অভিযানের মধ্যেই এই মর্মান্তিক বিমান দুর্ঘটনার ঘটনা ঘটল।

    আরও পড়ুন