রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫৬৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় বিভিন্ন অপরাধে মোট ৬৪টি মামলা দায়ের করা হয়েছে।
আজ বুধবার (১৮ নভেম্বর) ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. আকতার হোসেন বিষয়টি নিশ্চিত করেন।
ডিএমপি জানায়, মঙ্গলবার (১৭ নভেম্বর) রাজধানীর বিভিন্ন থানা এলাকায় এ অভিযান চালানো হয়। গ্রেপ্তারকৃতদের মধ্যে সবচেয়ে বেশি মিরপুর বিভাগে ১৪৩ জন এবং ওয়ারী বিভাগে ৯১ জন রয়েছেন।
এছাড়া লালবাগ বিভাগে ৭০ জন, তেজগাঁও বিভাগে ৬৮ জন, মতিঝিল বিভাগে ৫৮ জন, উত্তরা বিভাগে ৫৫ জন, রমনা বিভাগে ৫০ জন, গুলশান বিভাগে ২৯ জন এবং গোয়েন্দা (ডিবি) পুলিশের অভিযানে ১ জন গ্রেপ্তার হয়েছেন।
অভিযানকালে গ্রেপ্তারকৃতদের কাছ থেকে ২টি অবিস্ফোরিত ককটেল, ৬টি বিস্ফোরিত ককটেলের অংশবিশেষ, ২৯টি মশাল এবং ১ দশমিক ৭৫ লিটার কেরোসিন উদ্ধার করা হয়।
এছাড়া মাদকদ্রব্যের মধ্যে রয়েছে ৬ হাজার ৮৭১ পিস ইয়াবা, ২ কেজি ১০০ গ্রাম গাঁজা, ১১৭ পুরিয়া হেরোইন ও ৯ বোতল এস্কাফ। পাশাপাশি ১টি অটোরিকশা, ১১টি মোবাইল ফোন এবং নগদ ৩ হাজার ৪০০ টাকা জব্দ করেছে পুলিশ।
গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন পুলিশের এই কর্মকর্তা।

























