বাংলাদেশ পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি), অতিরিক্ত ডিআইজি ও পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার ১৪ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি ও পদায়ন করা হয়েছে।
আজ মঙ্গলবার (২৪ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা থেকে জারি করা পৃথক দুটি প্রজ্ঞাপনে এ আদেশ দেওয়া হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপন দুটিতে সই করেন মন্ত্রণালয়ের উপসচিব তৌছিফ আহমেদ।
প্রজ্ঞাপন অনুযায়ী, খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) কমিশনার (ডিআইজি) মো. সাজ্জাদুর রহমানকে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) ডিআইজি এবং ঢাকার স্পেশাল ব্রাঞ্চের (এসবি) ডিআইজি মো. মোয়াজ্জেম হোসেনকে আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) ডিআইজি হিসেবে বদলি করা হয়েছে।
এছাড়া ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) যুগ্ম পুলিশ কমিশনার মো. আসফিকুজ্জামান আকতারকে কেএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার, চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি কার্যালয়ের অতিরিক্ত ডিআইজি মো. নাজিমুল হককে সিলেটের রেঞ্জ রিজার্ভ ফোর্সের (আরআরএফ) কমান্ড্যান্ট,
ডিএমপির যুগ্ম পুলিশ কমিশনার মুনশী শাহাবুদ্দীনকে চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি কার্যালয়ের অতিরিক্ত ডিআইজি এবং পুলিশ অধিদপ্তরের অতিরিক্ত ডিআইজি মুহাম্মদ সাইফুল ইসলামকে ঢাকার পুলিশ স্টাফ কলেজের অতিরিক্ত ডিআইজি হিসেবে পদায়ন করা হয়েছে।
পুলিশ সুপার পদমর্যাদার কর্মকর্তাদের মধ্যে পুলিশ অধিদপ্তরের এসপি এ এইচ এম শাহাদাত হোসাইনকে পুলিশ স্টাফ কলেজে এবং মোহাম্মদ তৌহিদুল ইসলামকে সিআইডির বিশেষ পুলিশ সুপার করা হয়েছে।
সিআইডির বিশেষ পুলিশ সুপার মো. সজীব খানকে স্পেশাল রেসপন্স ইউনিটের (এসআরইউ) পুলিশ সুপার এবং পিবিআইয়ের পুলিশ সুপার মো. রবিউল ইসলামকে ঢাকার এসবির বিশেষ পুলিশ সুপার হিসেবে বদলি করা হয়েছে।
একই আদেশে ঢাকার এসবির তিন বিশেষ পুলিশ সুপারের কর্মস্থলও পরিবর্তন করা হয়েছে। তাদের মধ্যে মো. মিজানুর রহমানকে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) উপপুলিশ কমিশনার, মাকসুদা খাতুনকে ট্যুরিস্ট পুলিশের পুলিশ সুপার এবং মোহাম্মদ মনিরুজ্জামানকে নৌপুলিশের পুলিশ সুপার করা হয়েছে।
এছাড়া এসবির অতিরিক্ত পুলিশ সুপার (সুপারনিউমারারি এসপি) মো. কামরুল ইসলামকে রংপুর মেট্রোপলিটন পুলিশের (আরপিএমপি) অতিরিক্ত উপপুলিশ কমিশনার পদে পদায়ন করা হয়েছে।
প্রজ্ঞাপন দুটিতে বলা হয়েছে, জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।























