| |
  • প্রচ্ছদ
  • খেলা
  • কর্দোবায় গোল উৎসবের পর স্কালোনির চোখে ২০৩০ বিশ্বকাপ
  • কর্দোবায় গোল উৎসবের পর স্কালোনির চোখে ২০৩০ বিশ্বকাপ

    Icon
    স্পোর্টস ডেস্ক
    প্রকাশ: ১৮ নভেম্বর ২০২৬, ১২:২২ অপরাহ্ন

    ২০২৬ সালটা দারুণ এক জয় দিয়েই শেষ করল আর্জেন্টিনা। আগের ম্যাচে উরুগুয়ের বিপক্ষে হতাশা ভুলে মঙ্গলবার কর্দোবায় প্রীতি ম্যাচে কোস্টারিকাকে ৭-০ গোলে উড়িয়ে দিয়েছে বিশ্ব চ্যাম্পিয়নরা। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে দলের সামগ্রিক পারফরম্যান্স, বিশ্বকাপের অভিজ্ঞতা এবং আগামী দিনের পরিকল্পনা নিয়ে কথা বলেছেন কোচ লিওনেল স্কালোনি।

    ২০৩০ সাল পর্যন্ত চুক্তির মেয়াদ বাড়ানো এই কোচ জানালেন, পুরো বছর দলের খেলায় তিনি সন্তুষ্ট। মাঝবছরে অনুষ্ঠিত বিশ্বকাপের স্মৃতিচারণা করে স্কালোনি বলেন, ‘বিশ্বকাপের কিছু ম্যাচ আমাদের নিশ্চয়ই মনে থাকবে, যেগুলো ছিল মহাকাব্যিক। মিসর ও ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচগুলোর পর অনুভূতিটা ছিল অবিশ্বাস্য।’

    ‘সব সময় শিরোপা জেতা সম্ভব নয়’
    পুরো বছরের মূল্যায়ন করতে গিয়ে আর্জেন্টিনা কোচ জানান, ২০২৬ সাল দলটির জন্য ইতিবাচক ছিল। টানা আরেকটি বিশ্বকাপের ফাইনালে উঠে দল নিজেদের সামর্থ্য প্রমাণ করেছে। তবে বাস্তবতা মেনে নিয়ে স্কালোনি বলেন, ‘আমার মনে হয় বছরটা ইতিবাচক ছিল। আমরা নিজেদের সামর্থ্য দেখিয়েছি এবং আরেকটি বিশ্বকাপের ফাইনালে উঠেছি। তবে সব সময় জেতা সম্ভব নয়। আমরা সন্তুষ্ট। এমন একটা পরিবেশ তৈরি করতে পেরেছি, যেখানে শিরোপা না জিতলেও কাজের স্বীকৃতি পাওয়া যায়। এটা দারুণ ব্যাপার।’

    দলের পারফরম্যান্স নিয়ে হওয়া সমালোচনাকে খুব একটা পাত্তা দিচ্ছেন না আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী এই কোচ। তার ভাষায়, ‘আমি সমালোচনা নিয়ে কথা বলতে চাই না। সমালোচনা করার অধিকার সবার আছে। আট বছর ধরে এ নিয়ে কথা বলিনি, এখন কেন শুরু করব? সাধারণ মানুষের পাশাপাশি সংবাদমাধ্যমেরও এ নিয়ে বিতর্ক করার অধিকার রয়েছে।’

    সমর্থকদের ভালোবাসা ও দলীয় সংহতি
    কর্দোবায় সমর্থকদের উষ্ণ অভ্যর্থনায় মুগ্ধ স্কালোনি। গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেজের সুরে সুর মিলিয়ে তিনিও সমর্থকদের সঙ্গে দলের বন্ধন আরও দৃঢ় করার কথা বলেন। স্কালোনি বলেন, ‘মানুষের কাছ থেকে যে অভ্যর্থনা পেয়েছি, তা অসাধারণ। কর্দোবায় এসে আমি খুব খুশি, এখানে প্রায়ই ঘোড়ায় চড়তে আসি। জাতীয় দলের প্রতি তাদের ভালোবাসা একটুও কমেনি। আমাদের প্রতিদ্বন্দ্বিতা চালিয়ে যেতে হবে, যাতে তারা আমাদের ওপর আস্থা রাখতে পারে।’

    কোস্টারিকার বিপক্ষে জোড়া গোল করা তরুণ ফরোয়ার্ড নিকো পাজের প্রশংসা করলেও ব্যক্তিগত নৈপুণ্যের চেয়ে দলীয় সমন্বয়কেই বড় করে দেখছেন কোচ। অধিনায়ক লিওনেল মেসির উদাহরণ টেনে তিনি বলেন, ‘ছেলেরা খুব ভালো খেলোয়াড়, তবে তাদের পারফরম্যান্স সব সময় দলের ওপর নির্ভর করে। একজন খেলোয়াড় একা সবকিছু সামলে দিতে পারে না। এ কারণেই আমরা আজকের অবস্থানে আছি। লিও (মেসি) বিষয়টি খুব ভালো বোঝে, যা এর স্পষ্ট উদাহরণ।’

    ভবিষ্যৎ পরিকল্পনা
    আর্জেন্টিনা দলের একটি শক্ত ভিত্তি তৈরি হয়ে গেছে বলে মনে করেন স্কালোনি। আগামী বছরের প্রীতি ম্যাচগুলোর প্রতিপক্ষ নির্বাচনের ক্ষেত্রে সতর্ক থাকার কথা জানিয়ে তিনি বলেন, ‘আগামী বছর কাদের বিপক্ষে খেলব, তা সতর্কতার সঙ্গে ঠিক করতে হবে। আমরা প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচ খেলতে চাই এবং এমন একটি দল হিসেবে থাকতে চাই, যাদের হারানো কঠিন। আক্রমণ ও রক্ষণে ভারসাম্য ধরে রেখে একই ধারায় এগিয়ে যাওয়াই এখন আমাদের মূল চ্যালেঞ্জ।’

    আরও পড়ুন