গোপালগঞ্জে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও জনসাধারণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে ২১ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে।
আজ বুধবার (১৮ নভেম্বর) বিজিবি সদর দপ্তরের জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম এক বার্তায় এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, জেলার সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মোতায়েনকৃত বিজিবি সদস্যরা স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী অন্যান্য বাহিনীর সঙ্গে সমন্বয় করে জেলার গুরুত্বপূর্ণ পয়েন্ট ও সড়কগুলোতে টহল জোরদার করেছে।
তিনি আরও জানান, বিজিবি সদস্যরা সীমান্তে নিয়মিত দায়িত্ব পালনের পাশাপাশি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশক্রমে গোপালগঞ্জ জেলায় সর্বোচ্চ পেশাদারিত্ব, শৃঙ্খলা ও ধৈর্যের সঙ্গে অর্পিত দায়িত্ব পালন করছেন।
স্থানীয় প্রশাসন জানিয়েছে, সাধারণ মানুষের চলাচল নির্বিঘ্ন রাখতে এবং শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে জেলাজুড়ে সতর্ক অবস্থান নেওয়া হয়েছে।
যেকোনো ধরনের নাশকতা বা বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করা হলে তা কঠোর হাতে দমন করা হবে।

























